বাবা-মায়ের বড় ছেলে। গত রোজার ঈদে নতুন পোশাক কেনার জন্য তাঁদের কাছে সামর্থ্যের অতিরিক্ত টাকা দাবি করে। বাবা-মা প্রয়োজনের বেশি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছেলেটি বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানসম্মানের কথা চিন্তা করে শিক্ষক বাবা ছেলের দাবি অনুযায়ী টাকা দেন। কিন্তু ছেলেটি নতুন কাপড় না কিনে ঈদের দিন পুরোনো কাপড় পরে ঈদ করল। নতুন কাপড়ের কথা জিজ্ঞেস করতেই ছেলেটি আবার বাড়িতে অশান্তি সৃষ্টি করল। বাবা-মায়ের বুঝতে বাকি রইল না, ছেলেটি টাকাপয়সা কী করছে। ওই ছেলের বাবা-মায়ের মতো দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের অনেক অভিভাবক নিজের সন্তান নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছেন।এই দুই উপজেলার অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক হারে মাদকাসক্তির কারণে অভিভাবকেরা উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছেন। বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিরামপুরে ৪২ জন এবং নবাবগঞ্জে ৫৮ জন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে বিরামপুরে ২২ জন এবং নবাবগঞ্জে ছয়জন তরুণকে তাদের বাবা-মা নিজেরাই আইনে সোপর্দ করেন।বিরামপুরের ইউএনও রোখছানা বেগম জানান, যত জন বাবা-মা তাঁদের সন্তানদের আইনে সোপর্দ করেছেন, তার চেয়ে অনেক বেশি বাবা-মা তাঁর কাছে এসে গুমরে কেঁদেছেন। ওই সব বাবা-মা মানসম্মানের কথা চিন্তা করে সন্তানকে না পারছেন আইনে সোপর্দ করতে, না পারছেন মাদক নিরাময়কেন্দ্রে দিতে। নীরবে মাদকাসক্ত সন্তানের অত্যাচার সহ্য করে চলেছেন। এ থেকে মুক্তি পেতে গেলে অভিভাবকদের খোঁজ রাখতে হবে তাঁদের সন্তানেরা কার সঙ্গে মেলামেশা করছে, কোথায় চলাফেরা করছে, টাকাপয়সা কী কাজে ব্যয় করছে। নবাবগঞ্জের ইউএনও আহসান হাবিব জানান, মাদকের সহজলভ্যতা, তরুণদের কৌতূহল, অভিভাবকদের উদাসীনতা আর মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তি না হওয়ায় দিন দিন মাদকের ভয়াবহতা বেড়েই চলেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সমাজে এখন মাদক ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত এবং জনপ্রতিনিধি হচ্ছেন।বিরামপুর পূর্বপাড়া মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন অভিযোগ করেন, সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা মাদক ব্যবাসায়ীদের পক্ষে। তাঁদের ছত্রচ্ছায়ায় দিন দিন মাদক ব্যবসা বেড়েই চলেছে। মাদক ব্যবসা বন্ধ করতে গেলে উল্টো মামলা-হামলার শিকার হতে হচ্ছে। বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন ও আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, মাদকের ভয়াবহতা থেকে তরুণদের বাঁচাতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। নৈতিক মূল্যবোধ কমে যাওয়ায় তরুণ শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তের হার দিন দিন বেড়েই চলেছে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ও নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিরামপুর থানার পুলিশ মাদক সেবনের দায়ে গত ১৫ মাসে ২০ জনকে এবং ব্যবসার দায়ে ৫০ জনকে আটক করে। নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১৯ জন ও ব্যবসার দায়ে ৬০ জনকে আটক করা হয়। আটক লোকজনের বেশির ভাগই তরুণ।