ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। সে কারণে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজন আছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বিজয়ের ৪৫ বছরে বাংলাদেশ: তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম ও ‘আমরা করব জয়’ নামের একটি সংগঠন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
পাকিস্তানের শোষণ ও বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তরুণ প্রজন্মের বিস্তারিত জানা প্রয়োজন উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ‘অনেকে বলেন, অতীত ভুলে আমাদের নতুন করে আরম্ভ করতে হবে। কিন্তু তাঁদের বলতে হবে—না, অতীত ভোলাটা কাজের কোনো কথা নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা লালন করুক। গত কয়েক বছরে তাদের মধ্যে এ চেতনা বিস্তৃত হয়েছে। একসময় মনে করা হতো তরুণেরা বোধ হয় মুক্তিযুদ্ধ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে।’
অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী বা তাদের দোসররা কেউই স্বীকার করে না যে তারা অন্যায় করেছে। যদিও পাকিস্তানের নাগরিক সমাজের কেউ কেউ বলছেন। এসব কথাও সমাজে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের আহ্বায়ক শওকত বাঙ্গালীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন খালেদ, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ।