তরুণদের রাজনৈতিক আন্দোলন গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা বলেছেন, শুধু সামাজিক বা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসবে না। পরিবর্তনের জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর তরুণদেরই এ দায়িত্ব নিতে হবে।
গতকাল শুক্রবার আয়োজিত এ সংলাপের শিরোনাম ছিল, ‘কোন পথে বাংলাদেশ’। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভবিষ্যতের করণীয় ঠিক করতে বিশিষ্ট অগ্রজ, পেশাজীবী ও তরুণদের নিয়ে এই সংলাপের আয়োজন করে ‘সংলাপসূত্র’ নামে নতুন একটি অ্যাক্টিভিস্ট সংগঠন।
অনুষ্ঠানে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, আজকের সমাজ প্রতিবাদহীন সমাজ। নারী নির্যাতন, আদিবাসী নির্যাতন-নিপীড়নের সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রতিবাদহীনতা প্রমাণ করে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র নয়। মুক্তিযুদ্ধের পর রাজনীতি যেভাবে চলেছে, এতে উগ্রপন্থার উত্থান স্বাভাবিক।
পরিবর্তন আনতে তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, ‘আরেকটি গণজাগরণ মঞ্চ গড়ে তুলুন। রাজপথে দাঁড়িয়ে আহ্বান জানান। এই সমাজকে পরিবর্তন করতে হবে।’
শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় বলেন, ‘উনসত্তরে আমরা যেমন রাজপথে নেমে এসেছিলাম, সেই চেতনা নিয়ে তরুণ সমাজ আবার রাজপথে নেমে আসুক।’
ড. কাজী খলীকুজ্জমান বলেন, ‘আমাদের দেশে প্রকল্পকেন্দ্রিক কাজ হয়। মানুষকে নিয়ে কাজ হয় না। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের মূলে ছিল মানুষ।’
শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, একটা রাজনৈতিক শক্তির উত্থান দরকার। এ জন্য ছাত্রসংগঠনগুলোর নির্বাচনের দাবি জোরেশোরে তুলতে হবে। মেধাবীদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব তৈরি হবে।
জিয়াউদ্দিন তারিক আলী বলেন, সরকার যে উগ্রপন্থার দিকে ঝুঁকছে, এটি হবে আত্মঘাতী। কারণ এই সরকারকে হটিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ‘দুই পাকিস্তানকে এক করার’ স্বপ্ন সত্যি হবে।
ড. সারোয়ার আলী বলেন, সংবিধানে বলা আছে, সব নাগরিক সমান অধিকার নিয়ে দেশে বসবাস করবে। বাহাত্তরে দেশে অমুসলিমরা ছিল মোট জনসংখ্যার ২২ শতাংশ। ২০১১ সালে এটি ৯ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ অন্য ধর্মের মানুষ বাংলাদেশকে নিজেদের জন্য আর নিরাপদ ভাবছে না। নির্বাচনী কৌশল হিসেবে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ‘যোগাযোগ হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তাদের এই আচরণ দুঃখজনক।
লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, হেফাজতে ইসলাম কী? এটি কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন। গরিব বাচ্চাদের স্কুলে পড়ার সামর্থ্য নেই বলে তারা মাদ্রাসায় পড়ছে। গ্রামে মাদ্রাসাগুলোর পাশে যদি বিনা বেতনে থাকা-খাওয়ার সুবিধাসহ একটি করে স্কুল গড়ে তোলা যায়, তাহলে মূল জায়গায় কাজ করা হবে।
স্থপতি শামসুল ওয়ারেস অর্থনৈতিক বৈষম্যকে মূল সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, ২০২০ সালের মধ্যে দেশের ৮৫ ভাগ সম্পদ ১ শতাংশ মানুষের হাতে চলে যাবে। বাড়তে থাকা বৈষম্যই জঙ্গিবাদসহ নানা সমস্যা তৈরি করছে।
সলিমুল্লাহ খান বলেন, বাংলা ভাষার চর্চা থেকে দেশের শিক্ষিত মানুষ দূরে সরে যাচ্ছে। তাঁরা সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পরিবর্তনের জন্য এই বিচ্ছিন্নতা-বৈষম্য দূর করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী আমীর-উল ইসলাম, ড. আবুল কাসেম ফজলুল হক, খুশী কবির, লুবনা মরিয়ম, মাহফুজা খানম, শিপা হাফিজ, ড. সাদেকা হালিম, সঞ্জীব দ্রং, সোহরাব হাসান, মোজাম্মেল বাবু, মুন্নি সাহা, আসিফ সালেহ, আসিফ মুনীর, আরিফ জেবতিক প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলফিকার আলি মাণিক। সঞ্চালনায় ছিলেন নূর সাফা জুলহাজ।