তরুণদের সচেতন করতে সিপিএ রোড শো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের মধ্যে সংসদ ও গণতন্ত্র সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ‘সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শুরু হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে এই রোড শোর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।
রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর সঙ্গে আলোচনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভাগীয় পর্যায়ে এই রোড শোর আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাজ্যের স্কুলের শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুবসমাজের মধ্যে শতকরা মাত্র ২৩ জন সঠিকভাবে তিনটি কমনওয়েলথভুক্ত দেশের নাম বলতে পেরেছে। তাদের মধ্যে শতকরা ৫০ জন বলেছে স্কুল পর্যায়ে কমনওয়েলথ বিষয়ে তাদের কিছুই শেখানো হয়নি। সংবাদ সম্মেলনে হুইপ শহীদুজ্জামান সরকার, সাংসদ আলী আশরাফ, সাগুফতা ইয়াসমিন এবং রোড শোতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।