
এইচআইভি-এইডসের ক্ষেত্রে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের তরুণ সমাজ এই রোগটি প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তবে দেশের মোট তরুণদের প্রায় অর্ধেকই বিষয়টি সম্পর্কে জানেন না।
গতকাল শনিবার ‘বাংলাদেশে এইচআইভি প্রতিরোধে কিশোর ও যুবসমাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন।
আলোচকেরা জানান, মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই হচ্ছে তরুণ সমাজ। বেসরকারি সংস্থার ২০০৮ সালের এক জরিপমতে, এইচআইভি কীভাবে ছড়ায়, দেশের প্রায় ৪০ শতাংশ ছেলেমেয়েই তা জানে না।
কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিল আলোচনা হয়। প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে বিশেষজ্ঞদের পাশাপাশি ইউএনএফপিএর ইয়ুথ ফোরামের নয়জন সদস্য অংশ নেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যতে করণীয় নিয়ে সুপারিশ করেন।
বৈঠকের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দেশে এইচআইভি-এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা মোট জনসংখ্যার এক শতাংশের কম। রোগটি প্রতিরোধ করা না গেলে এর বিস্তার ঠেকানো যাবে না। এ ক্ষেত্রে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তবে বৈঠকের আলোচকেরা বলেন, এইচআইভি প্রতিরোধে শুধু তরুণদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেই হবে না, ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে যথাযথ ও সঠিক তথ্য বাছাই করে তরুণদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্বটি অভিভাবক ও বড়দেরই পালন করতে হবে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (পরিকল্পনা ও উন্নয়ন) পরিচালক সিরাজুল হক বলেন, শিক্ষাক্রমে এইচআইভি-এইডসের বিষয়টি অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন সময় লেগেছে। নীতিনির্ধারকদের এ ধরনের বিষয়ে সচেতন হয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান শাহিনা তাবাসসুম বলেন, এ বিশ্ববিদ্যালয়ে এইচআইভি এইডসের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। পরীক্ষায় একজন যখন এইচআইভি পজিটিভ হচ্ছেন তারপর তিনি কোথায় যাবেন সে বিষয়টি সরকারের আয়ত্তে নেই। তাই নিজ দায়িত্বেই চিকিৎসার জন্য কয়েকটি এনজিওর নাম বলে দেওয়া হচ্ছে। তবে তাঁদের মধ্যে কতজন সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন তার হিসাব নেই। এই রোগীদের মধ্যেই অনেককে দেখা যায়, এইচআইভি পজেটিভ সন্তান নিয়ে আবার ফিরে আসছেন।
শাহিনা তাবাসসুম বলেন, এইচআইভি পজিটিভ গর্ভবতী মা ও অন্য ব্যক্তিদের কোনো হাসপাতাল চিকিৎসা দিতে চায় না। তাই এই রোগীদের জন্য আলাদা হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে আলাদা ওয়ার্ড থাকা প্রয়োজন।
তরুণদের ভাবনা: ইউএনএফপিএর ইয়ুথ ফোরামের উপদেষ্টা প্যানেলের সদস্য ফারগানা বিনতে হাসান বলেন, এইচআইভি এইডস নিয়ে অভিভাবক, শিক্ষক এবং কিশোর ও তরুণেরাও লজ্জায় পড়ে যান। তাই খোলামেলা পরিবেশে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।
ফারগানাসহ বৈঠকে উপস্থিত তরুণেরা জানালেন, পাঠ্যপুস্তকে এইচআইভি এইডসের কথা বলা আছে। তবে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় বিষয়টি সম্পর্কে জানতে পারেননি। শিক্ষকেরা বাসায় পড়ে নিতে বলতেন।
ফোরামের সদস্য সাখাওয়াত হোসেন বলেন, বয়ঃসন্ধিকালে আগ্রহ থেকে কোনো কিছু না জেনেই এই বয়সী জনগোষ্ঠীর কেউ কেউ যৌনপল্লিতে যাওয়া শুরু করে। অনেকে মাদক নেওয়া শুরু করে। তাই কথা বলার জায়গা থাকতে হবে। সঠিক তথ্য পেতে হবে।
এইচআইভি এইডস নিয়ে পরিচালিত কার্যক্রমগুলোকে গ্রামকেন্দ্রিক করার পরামর্শ দেন ফোরামের সদস্য তানভীর ওয়াহীদ।
এইচআইভি এইডস নিজেদেরও যে হতে পারে, এই আশঙ্কার কথা জানিয়ে সে ধরনের তথ্য পরিবেশনের সুপারিশ করেন আরেক সদস্য সাফাত হাসান।
সদস্য মো. বায়েজিদ ‘ইয়ুথ প্রফেশনাল’ এবং ‘ইয়ুথ ইনফরমেশন ডেস্ক’ তৈরির সুপারিশ করেন। কেউ যদি তার নিজের এইচআইভি স্ট্যাটাস জানতে চায় তা যাতে সহজেই জানা যায়—এ বিষয়টিতে গুরুত্ব দেন ফোরামের সদস্য সোনিয়া সোহেলী।
ফোরামের সদস্য ইসমত জাহান বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ক্লাব তৈরির কথা বলেন। আসিতা সুলতানা চৌধুরী বিভিন্ন পর্নোগ্রাফি সাইটগুলো নিয়ন্ত্রণের দাবি জানান। আওলাদ হোসেন এইচআইভি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে এইচআইভি এইডসের বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন।
বিশেষজ্ঞদের মতামত: ইউএনএফপিএর খন্দকার এজাজুল হক বলেন, এইচআইভি প্রতিরোধে তরুণ সমাজকে নেতৃত্বের জায়গায় যেতে হবে। তাদের চাহিদা অনুযায়ী কাজ না হলে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে হবে। বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে তরুণদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের মহুয়া লেয়া ফলিয়া বলেন, কিশোর ও তরুণদের সঙ্গে এইচআইভি এইডসসহ এ ধরনের বিষয়ে কথা বলার সময় উপদেশ দিলে তা কাজে লাগবে না। বিষয়গুলোকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে তাদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারে।
সেভ দ্য চিলড্রেনের লিমা রহমান জানান, ছেলেপুলেকে নষ্ট করার জন্য এনজিও ও দাতাগোষ্ঠী এইচআইভি এইডস নিয়ে কার্যক্রম চালাচ্ছে বলে অনেকে মন্তব্য করতেন। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে।
নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মাসফিকা জেড সাটিয়ার অভিভাবকদের সচেতনতার বিষয়টিতে গুরুত্ব দেন।
ইউএনএফপিএর শামিনা শারমীন বলেন, এইচআইভি এইডস নিয়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম আসলেই যথাযথ জায়গায় পৌঁছাচ্ছে কি না তার মূল্যায়ন করতে হবে।
প্ল্যান বাংলাদেশের মোহাম্মদ মুনির হোসেন এইচআইভি এইডস কার্যক্রমে সরকারি বরাদ্দ বাড়ানো, প্রতিটি কর্মক্ষেত্রের জন্য এইচআইভি এইডস নীতিমালা তৈরি এবং মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর ও তরুণদেরও বিষয়টিতে সচেতন করার কথা বলেন।