ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে বিধ্বস্ত জনপদগুলোর অন্যতম খুলনার দাকোপ। প্রায় দেড় বছর আগের ওই ধ্বংসযজ্ঞে ভেঙে যাওয়া বেড়িবাঁঁধ, রাস্তাঘাট, উপড়ে যাওয়া গাছ আর দালানের গায়ে লোনা পানির দাগ এখনো মনে করিয়ে দেয় সে দিনের কথা। বাঁধের অনেক স্থান ভাঙা বলে জোয়ার এলেই জলমগ্ন হয়ে পড়ে সুন্দরবনসংলগ্ন এলাকাটি। গত মঙ্গলবার সফররত ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্টিন ডেভিডসনের সঙ্গে ওই এলাকা ঘুরে দেখার সময়ও চোখে পড়ে ডুবে থাকা ঘরবাড়ি ও স্কুল।যুক্তরাজ্য থেকে ঢাকা এসেই গত মঙ্গলবার দাকোপ যান ব্রিটিশ কাউন্সিলের বড় কর্তা মার্টিন ডেভিডসন। উদ্দেশ্য, বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় জনসচেতনতা তৈরির কাজ নিজের চোখে দেখা।ব্রিটিশ কাউন্সিলের জলবায়ুবিষয়ক একটি কর্মসূচির আওতায় স্থানীয় একদল ছেলেমেয়েকে নিয়ে সচেতনতা তৈরির কাজ করছেন পরিবেশবাদী সারিকা জাহান। জলবায়ুর ঝুঁকিকে সঙ্গী করে কীভাবে বেঁচে থাকতে হবে, সেই শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন সারিকা ও তাঁর সঙ্গীরা।জলমগ্ন কালীনগর জিসি মেমোরিয়াল মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে নাটক, স্বরচিত কবিতা, তথ্য নির্দেশিকা ও একটি তথ্যচিত্রের মাধ্যমে বিদেশি অতিথির কাছে তুলে ধরা হয় সচেতনতা সৃষ্টির কার্যক্রম। মার্টিন ডেভিডসন এসব দেখে মুগ্ধ। তিনি বললেন, ‘এই তরুণরা যা করছে, তা সত্যিই প্রেরণাদায়ক। এ কাজ চালিয়ে যেতে হবে। তবেই সবাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে উঠবে।’ব্রিটিশ কাউন্সিলের সিইও জানান, এ বিষয়ে তাঁদের সহায়তা দেওয়ার প্রয়াস অব্যাহত থাকবে। সফরে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বৈশ্বিক মানবসম্পদ বিভাগের পরিচালক পিপা গ্রিনস্লেড ও বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল।ডেভিডসন এরপর বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই গ্রামে একটি পাঠাগার পরিদর্শন, চাঁদপাই উচ্চবিদ্যালয়ে সচেতন নাগরিকদের সঙ্গে বৈঠক ও সবশেষে ইভ টিজিংয়ের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনটি যৌথভাবে আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল ও সাহায্য সংস্থা হাঙ্গার প্রজেক্ট। চাঁদপাই উচ্চবিদ্যালয়ের সামনে প্রায় ৬০০ তরুণ-তরুণীর পাশাপাশি স্থানীয় লোকজন ওই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নিয়ে মার্টিন ডেভিডসন প্রথম আলোকে বলেন, এ ধরনের সামাজিক সমস্যা সমাধানে বাংলাদেশকে সহায়তার জন্য তিনি কাজ করবেন।তিন দিনের সফরে ব্রিটিশ কাউন্সিল সিইও গত মঙ্গলবার ভোরেই ঢাকায় আসেন।