হরতালের কারণেও উৎসবে ভাটা পড়েনি। দূরদূরান্ত থেকে প্রতিযোগীরা সময়মতো এসে হাজির হয়েছেন। এমনকি চট্টগ্রাম নগর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের প্রতিযোগীরাও আগের দিন এসে শহরে অবস্থান করছিলেন। উৎসব নিয়ে এতটাই আগ্রহ ও কৌতূহল ছিল সবার। গতকাল মঙ্গলবার সকালে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের আয়োজনে নগরের শিল্পকলা একাডেমীতে শুরু হয় দুই দিনব্যাপী ‘তারুণ্য উৎসব’। অনুষ্ঠানে সহায়তা করেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা।শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য প্রফেসর হাসিনা জাকারিয়াসহ অতিথিরা।পরে একাডেমীর আর্ট গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বলেন, ‘আমাদের তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশে বেশির ভাগ রাজনীতিবিদই তরুণদের দলের ছেলে মনে করেন, দেশের ছেলে বলে ভাবেন না। ফলে তারা বিপথে চালিত হয়। অথচ আমাদের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাকে শুধু জাগিয়ে দিতে হবে। তাহলেই আমরা সমৃদ্ধ হব।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মিরাজুর রহমান। উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক আশিষ কান্তি পালিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আহ্বায়ক আদনান মান্নান, ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহ্বায়ক সৌমিত্র পালিত ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার আহ্বায়ক নুরুল আবরার।আবুল মোমেন বলেন, ‘একটি জাতির প্রাণশক্তি নির্ভর করে তারা কতটা তারুণ্যের শক্তিকে ধরে রাখতে পেরেছে তার ওপর। কিন্তু আমরা তারুণ্যকে সেভাবে ধারণ করতে পারিনি বলে পিছিয়ে পড়ছি। তাই আমাদের তারুণ্যকে সম্প্রসারিত করতে হবে।’বিশ্বজিৎ চৌধুরী তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রথম আলো এসিডদগ্ধদের জন্য তহবিল গঠন, বন্যার্তদের পাশে দাঁড়ানো, মাদকবিরোধী কনসার্টের মাধ্যমে সমাজকে উজ্জীবিত করে চলেছে। যেখানে যত অরাজকতা চলছে তা বদলাতে হবে। আর এ জন্যই আমরা বলি, ‘বদলে যাও, বদলে দাও।’ কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। যাঁরা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন। উৎসবের দ্বিতীয় পর্বে ছিল আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা। ১৬টি কলেজের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠে এসেছে ইস্পাহানি পাবলিক কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ দল। আজকের কর্মসূচি: দুই দিনব্যাপী তারুণ্য উৎসবের শেষ দিনের আয়োজনে আজ রয়েছে আন্তকলেজ বিতর্কের চূড়ান্ত পর্ব, আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।