বিপথগামী তরুণদের সহিংস ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রধান কারণ আদর্শিক। এর সঙ্গে প্রভাবক হিসেবে কাজ করছে বেকারত্ব ও হতাশা এবং আইনের শাসনের অভাব।
আন্তর্জাতিক অহিংসাদিবস উপলক্ষে নোয়াখালীর গান্ধী আশ্রম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অহিংস দর্শনের নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়।
রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গান্ধী শুধু স্বাধীনতার সংগ্রাম করেননি। তিনি শিক্ষার প্রসার, দারিদ্র্য দূর ও নারীর ক্ষমতায়নেও কাজ করেছেন। এ ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন যুবসমাজকে। আমাদের যুবসমাজকেও গান্ধীর আদর্শে দীক্ষিত করতে হবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের সমাজের বড় অংশ যুবশক্তি। এদের গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ করে শক্তিতে পরিণত করা সম্ভব। এদের মাধ্যমে সহিংসতা দূর করে অহিংস সমাজ গড়ে তোলা সম্ভব।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক নিক ব্যারেসফোর্ড বলেন, ঢাকায় এক দিনেই ২২ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক যে যারা এই কাজটি করেছে তারা সবাই তরুণ। যেকোনো দেশের জন্য এটি খারাপ দৃষ্টান্ত।
হলি আর্টিজানের হত্যাকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেন, আইনের শাসন ও সুশাসনের অভাবে ধারাবাহিকভাবে ব্লগার হত্যা, পুরোহিত হত্যা ও বিদেশিদের হত্যার ঘটনা ঘটেছে।
অনুষ্ঠানের সঞ্চালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তরুণেরা বিপথে যাচ্ছে আদর্শিক অবস্থান থেকে। একটি সহিংসতা একাধিক সহিংসতার জন্ম দেয়। বৈষম্য ও নির্যাতন সহিংসতার জন্ম দেয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। জাতীয় সংসদের সাংসদেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, জঙ্গিরা মাদ্রাসা আর ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানকে এক করতে পেরেছে। তারা সফল হয়েছে। ব্যর্থ হয়েছে মূলধারার রাজনীতি।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন গান্ধী আশ্রমের পরিচালক পদ্মশ্রী ঝর্ণাধারা চৌধুরী। আরও আলোচনা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাংসদ পঙ্কজ দেবনাথ, বেসরকারি সংগঠন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।