তরুণদের সামাজিক ব্যবসার উদ্যোক্তা হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তরুণদের চাকরির পেছনে দৌড়ালে হবে না। নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। এমন ধরনের ব্যবসায়িক উদ্যোগ নিতে হবে, যা আমাদের চারপাশের সমস্যা সমাধান করবে। ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে না থেকে স্বপ্নটাকে আকাশের মতো বড় করতে হবে।’গতকাল শুক্রবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ফোরাম-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি এই আহ্বান জানান।ব্যবসায়ীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘নিজেদের শুধু টাকা বানানোর যন্ত্র হিসেবে দেখলে হবে না। সমাজের সমস্যাগুলোর সমাধানের কথাও ভাবতে হবে। আমাদের খাদ্য, জ্বালানি, পরিবেশ ও সমাজে যে সমস্যা আছে, তা সামাজিক ব্যবসার মাধ্যমে সমাধান করতে হবে।’অনুষ্ঠানের মূল বক্তব্য দেওয়ার সময় গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতা তরুণদের কল্পনা করার শক্তি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কল্পনা করতে শিখতে হবে। তবেই সেই কল্পনা বাস্তবে রূপ নেবে। মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। মানুষ যদি চায়, তাহলে সবকিছুই সম্ভব।’নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও প্রফেশনাল ফর সোশ্যাল বিজনেসের যৌথ আয়োজনে এবং ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের সহযোগিতায় সোশ্যাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়। এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রথম আলো, ডেইলি স্টার, এনটিভি ও রেডিও টুডে। সকাল থেকে শুরু হয়ে রাত আটটা অবধি চলা এই ফোরামের বিভিন্ন পর্বে সামাজিক ব্যবসার নানা দিক নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তাঁর সামাজিক ব্যবসার চিন্তার উৎপত্তিও বাংলাদেশ থেকে। ফলে এটি সারা বিশ্বে ছড়িয়ে দিলে বাংলাদেশের মানুষের সম্মানও বাড়বে।’অনুষ্ঠানের প্যানেল আলোচনা পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান সামাজিক ব্যবসায় পুঁজি সরবরাহ করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনামের সঞ্চালনায় ‘স্যোশাল বিজনেস এ নিউ পাথ অব করপোরেট লিডার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানেও অধ্যাপক ইউনূস করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী ক্ষুদ্রঋণের মতোই সামাজিক ব্যবসা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন। এ সময় আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম এবং স্কুল অব বিজনেসের ডিন ও ফোরাম আয়োজক কমিটির প্রধান আবদুল মান্নান চৌধুরী।‘সামাজিক ব্যবসার মাধ্যমে নারীর ক্ষমতা’ বিষয়ক আলোচনা পর্বে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সভাপতি লুনা সামসুদ্দোহা, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রুবিনা ফারুক, গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের সাসাকিয়া থাইস ব্রুইস্টেন বক্তব্য দেন।এই ফোরামে সামাজিক ব্যবসার কৌশল, নৈতিকতা ও ক্ষমতা নিয়ে আলোচনা হয়। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন, তরুণদের উন্নয়নে সামাজিক ব্যবসা কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে ব্যবসায়ী ও পেশাজীবীরা আলোচনা করেন।সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে মার্কিন নভোচারী রোনাল্ড জে গারান বক্তব্য দেন। তিনি মহাকাশ থেকে দেখা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্র ও তথ্যচিত্র দেখান। এ সময় আবারও বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস।সমাপনী অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম ও প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদারকে সম্মাননা পদক দেন মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সামাজিক ব্যবসা প্রতিযোগিতায় বিজয়ী ছয়টি দলকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সোশ্যাল বিজনেস ফোরামের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কে।