তরুণদের হাত ধরেই এগোবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তাঁদের বিভিন্ন ধরনের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড ২০১৮ সালের মধ্যে বাংলাদেশকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন (এমডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গতকাল শনিবার সকালে রাজধানীর বাংলা একাডেমির প্রধান মিলনায়তনে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘অ্যাকটিভ সিটিজেনস এচিভারস সামিট ২০১৪’-এর অনুষ্ঠান উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ কাউন্সিল ‘অ্যাকটিভ সিটিজেনস’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৩৮টি দেশে তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সাহায্য দিয়ে সংশ্লিষ্ট দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তির বিষয়ে ভারত থেকে কারিগরি দল কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আসবে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভারতের নির্বাচন শেষে এ বিষয়ে অগ্রগতি আসবে বলেই মনে করছি।’
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করা হয়। এতে করে দেশে যেমন তরুণ নেতৃত্ব তৈরি হয়, সেভাবে দেশের উন্নয়নে তাঁদের মনোভাবকে আরও আন্তরিক করে তোলে।
ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ব্রেন্ডন ম্যাকশেরি বলেন, ইতিবাচক সামাজিক পরিবর্তনে বাংলাদেশি তরুণদের আগ্রহ অপরিসীম।
দিনব্যাপী এই অনুষ্ঠানে স্যানিটেশন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভ টিজিং বিষয়ে ‘অ্যাকটিভ সিটিজেনস’-এর ২০টি উদ্যোগ মেলায় প্রদর্শন করা হয়। ২০০৯ সালে দ্য হাঙ্গার প্রজেক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই উদ্যোগ শুরু করে ব্রিটিশ কাউন্সিল।