তরুণদের হাতে দিতে হবে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে গতকাল নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো
বরিশাল নগরের আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে গতকাল নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো

‘আমরা সব সময় ভাবি, তরুণ প্রজন্ম, নারী ও শিশুদের জন্য কী কী করা যায়। যেসব তরুণ শুধু মুঠোফোন ব্যবহার করেন, তাঁদের হাতে কীভাবে পত্রিকা বা বই ধরিয়ে দেওয়া যাবে।’

বরিশালে অনুষ্ঠিত নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় নগরের রায় রোডে আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বরিশালের নাগরিকেরা প্রথম আলোর বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন। তাঁরা প্রথম আলোকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আরও দৃঢ় অবস্থানে থেকে দুর্নীতি এবং সামাজিক সমস্যা তুলে ধরার আহ্বান জানান।

অধ্যাপক শাহ সাজেদা বলেন, ‘নারীদের এগিয়ে নিয়ে যেতে প্রথম আলোর প্রকাশনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন দরকার কিশোর আলোর মতো নারীবিষয়ক একটি পত্রিকা বের করা।’

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন বলেন, দেশ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এর বিরুদ্ধে প্রথম আলো পত্রিকার ভূমিকা প্রশংসনীয়।

শিশু সংগঠক খেলাঘরের সভাপতি জীবনকৃষ্ণ দে বলেন, শিশুরা আর বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে না। কেবল কোচিং-বাণিজ্যের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, শিক্ষকদের যেমন শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করতে হবে, তেমনি অভিভাবকদের সচেতন হতে হবে।

বর্তমান রাজনৈতিক অবস্থার জন্য বাম রাজনীতি দায়ী কি না—এ প্রশ্নের উত্তরে মতিউর রহমান বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য বাম, ডান, সরকার নাকি মধ্যপন্থীরা দায়ী, সেটা প্রশ্নসাপেক্ষ। দেশের আইন, শাসনব্যবস্থা, নির্বাচন কমিশন এবং ভোটের ওপর মানুষ আস্থা রাখতে পারছে না। রাজনীতির উত্থান-পতনে যাঁরা সরকার পরিচালনায় থাকেন, তাঁরাই অনেকাংশে দায়ী। তিনি সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যা, শিশু হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন।

 সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি নূরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিশ্বনাথ দাস মুনশী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব হাওলাদার, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স. ম. ইমানুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার, কবি আসমা চৌধুরী, মুক্তিযোদ্ধা এম জি কবির, মহিউদ্দীন মানিক বীর প্রতীক, অধ্যাপক কাইউম উদ্দীন প্রমুখ।