হেরোইন ও ফেনসিডিলের চেয়ে ‘বাবা’র নেশা বেশিক্ষণ স্থায়ী হয়। তাই বরগুনার তরুণেরা এখন আশঙ্কাজনকহারে বাবার নেশায় বুঁদ হয়ে পড়ছেন। ইয়াবার সাংকেতিক নাম হচ্ছে বাবা। বহনে ঝুঁকি কম হওয়ায় বরগুনার সর্বত্র সহজলভ্য হয়ে উঠছে নেশাজাতীয় এই বড়ি।নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিভাবক বলেন, ‘একেকবার একেকটি নতুন নেশাদ্রব্য আসে, আর আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। এখন যা শুনছি, তাতে ছেলেমেয়েদের ঘরে আটকে রাখা ছাড়া কোনো উপায় দেখছি না।’হেরোইনের নেশায় মানসিক ভারসাম্যহীন এক তরুণের বাবা বলেন, ‘মরণনেশা আমার ফুটফুটে ছেলেটার জীবন শেষ করে দিল। যখন টের পেয়েছি, তখন আমাদের কিছুই করার নেই। দুইবার নিরাময় কেন্দ্রে নিয়েও কোনো ফল হয়নি। এখন সে বদ্ধপাগল। সন্তানের ধুঁকে ধুঁকে মৃত্যু কীভাবে দেখি বলেন? ওর কারণে আমাদের পরিবারটা তছনছ হয়ে গেছে।’ইয়াবা সেবনকারী কয়েকজন তরুণ বলেন, মূলত গত বছর থেকে বরগুনায় ইয়াবা সহজলভ্য হয়ে ওঠে। মানভেদে একেকটি ইয়াবা বড়ি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। একেকটি পাতায় লাল রঙের ২০টি করে বড়ি থাকে। একটি বড়ি সেবন করলে কমপক্ষে দুই দিন নেশা থাকে। এক সেবনকারী বলেন, ইয়াবা এখন নকল হচ্ছে। আগে একটি ট্যাবলেট সেবন করলে দুই-তিন দিন নেশা থাকত, এখন দুই-তিন ঘণ্টার বেশি থাকে না।বরিশালের মাদক নিরাময়কেন্দ্র হলিকেয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনা শহরে ১৭-২০ শতাংশ তরুণ বর্তমানে ইয়াবার নেশায় আসক্ত। তাদের বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে। এক সমীক্ষায় দেখা গেছে, গত দুই বছরে শহরে মাদকের ভয়াল ছোবলে সম্ভাবনাময় চার তরুণ প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আছেন আরও ছয়জন। মানসিক বিকৃতি ঘটেছে আটজনের। তাঁরা প্রত্যেকেই শহরের প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সংস্থাটি গত দুই বছরে বরগুনার ২১ জন মাদকসেবীকে চিকিৎসা ও কাউন্সেলিং দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছে বলে দাবি করে।খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে এখন প্রায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা। শহরের রাসেল স্কয়ার, ধর্মতলা, রংধনু ক্লিনিক-সংলগ্ন এলাকা, উপজেলা পরিষদের পেছনে দীঘিরপাড়, ডিকেপি রোডের কেজি স্কুল মোড় ও কেজি স্কুলের ভেতরের রাস্তায়, ক্রোক স্লুইস, কলেজ রোডের বাগানবাড়ি, চরকলোনি বাসস্ট্যান্ড ও পেছনের রাস্তা, স্টেডিয়াম-সংলগ্ন এলাকা, কাঠপট্টি রোডের পশ্চিম মাথায়, লাকুতলা বাঁধ, লাকুরতলা সেতু, শহরতলির ইটবাড়িয়াসহ একাধিক স্থানে ইয়াবা বিক্রি করা হচ্ছে।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহিন খান প্রথম আলোকে বলেন, ইয়াবা একটি যৌন উত্তেজক (অ্যান্টিসাইকোপিক) বড়ি। সেবনকারীর মানসিক বিকাশ বাধাগ্রস্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়তে পারে। বড়ি সেবনে সাময়িক যৌন উত্তেজনা বৃদ্ধি করলেও আসক্ত ব্যক্তির যৌন সক্ষমতাকে শেষ করে দেয়।