তরুণী ও অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পশ্চিমপাড়া এলাকা থেকে গত রোববার রাতে এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার মানিকগঞ্জের সাটুরিয়ায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-নবীনগর সড়কে চান্দরা পশ্চিমপাড়া হাজীবাড়ির পাশে রোববার রাতে কে বা কারা তরুণীর লাশ ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, ওই তরুণীকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ওই স্থানে সড়কের পাশে লাশ ফেলে পালিয়ে যায়। লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। গলায় আঘাতের চিহ্নও রয়েছে। লাশের পরনে ছিল আকাশি সালোয়ার এবং আকাশি-গোলাপি কামিজ ও সাদা ওড়না ছিল।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, তরুণীর পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় মারা যাওয়া গৃহবধূর নাম নাজমা বেগম (৩৫)। তাঁর স্বামীর নাম মেহের আলী। উপজেলার বরাইদ গ্রামে ভূমিহীনদের বসবাসের জন্য গড়ে তোলা একটি আবাসন কেন্দ্রে নাজমা ও মেহের দম্পতি থাকতেন। নাজমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের দুটি সন্তান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত নয়টার দিকে টিভি দেখার জন্য পাশের বাড়িতে যান নাজমা। এর মধ্যে তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে ঘুম থেকে উঠে স্বামী নাজমাকে খুঁজতে থাকেন। সকাল সাতটার দিকে আবাসন কেন্দ্রের একটি গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান আবাসন কেন্দ্রের অন্য বাসিন্দারা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।