তরুণী ও মাদক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাত তরুণীর ও চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁদের হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে করিমগঞ্জ পৌর এলাকার চরপাড়া গ্রামের একটি জঙ্গলে অজ্ঞাত এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। লাশের পাশে তিনটি লাগেজ ছিল। এগুলোতে কাপড়-চোপড়, শিশুকে দুধ খাওয়ানোর ফিডার এবং দুধ-চিনি ছিল। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তরুণীকে হত্যা করে তাঁর বাচ্চাটি নিয়ে পালিয়ে গেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে জানান, আলামত দেখে তাঁরা ধারণা করছেন, মেয়েটিকে জেলার বাইরের কোনো স্থান থেকে এনে হত্যা করা হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিয়া জানান, সুরতহাল প্রতিবেদনে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম আলোনিয়া গ্রামের খোকনকে (২৫) জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ফরিদগঞ্জের থানা পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। খোকনের মা খাদিজা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দুজন অজ্ঞাত লোক এসে খোকনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে বাড়ির পাশের একটি বাগানে তাঁর জবাই করা ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, খোকন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, খোকনের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।