তরুণী ও যুবককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে কাজল (২৩) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ছোরাসহ মনোয়ার হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে শহরের ১ নম্বর রেলগেট এলাকার রূপায়ণ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। কাজল কুমিল্লার বুড়িচং উপজেলার মোকলেছ মিয়ার মেয়ে।
একই দিন রাতে গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকায় অজ্ঞাতনামা এক যুবককে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল মিয়া জানান, মঙ্গলবার বিকেলে রূপায়ণ আবাসিক হোটেলের ৪ নম্বর কক্ষ ভাড়া নেন মনোয়ার হোসেন। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে মনোয়ার তাঁর ভাড়া নেওয়া কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় হোটেলের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই কক্ষ থেকে তরুণীর গলা কাটা লাশ ও রক্তমাখা ধারালো ছোরা উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাজলের মা সেলিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মনোয়ারকে আসামি করে মামলা করেছেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ার পুলিশকে জানিয়েছেন, তিনি পেশায় অটোরিকশাচালক। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় বসবাস করেন।
সম্প্রতি মুঠোফোনে কাজলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার ওই তরুণীকে তিনি নারায়ণগঞ্জ শহরে আসতে বলেন। ওই তরুণী শহরে এলে তাঁকে নিয়ে তিনি ওই হোটেলে ওঠেন। রাতে ওই তরুণী তাঁকে বিয়ে করার জন্য চাপ দিলে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মনোয়ার তাঁকে গলা কেটে হত্যা করেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকার একটি রাস্তায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে শ্বাসনালি কাটা এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে নেওয়ার সময় পথে ওই যুবকের মৃত্যু হয়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহিন মিয়া বলেন, চান্দনা এলাকায় দুর্বৃত্তরা ওই যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর শ্বাসনালি কেটে যায়। ওই অবস্থায় দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে পড়ে যান ওই যুবক। পরে তাঁর গোঙানির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই যুবকের পরনে খয়েরি রঙের প্যান্ট ছিল।