তরুণী ধর্ষণের ঘটনায় উদ্বেগ
টাঙ্গাইলে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতিতে বলেছে, শুক্রবার কর্মস্থল থেকে ফেরার পথে এক তরুণীকে টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় গণপরিবহনে নারীর নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে বলেছে, দেশের সড়ক ও মহাসড়কে গণপরিবহনগুলোতে নারী যাত্রীদের হয়রানি করা হচ্ছে, প্রতিনিয়ত গণপরিবহনে যৌন নিপীড়নের শিকার হচ্ছে। সমিতি এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করার দাবি জানায়।
চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ যুবমৈত্রী। এ ছাড়া সমাজতান্ত্রিক মহিলা ফোরামও এ ঘটনায় নিন্দা প্রকাশ করে নির্যাতনকারী ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।