তরুণী নিখোঁজ, পরিবারের ধারণা খুন হয়েছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক তরুণী গত ২৯ জুন থেকে নিখোঁজ। এদিকে স্থানীয় লোকজন বলছেন, ২ জুলাই তাঁরা তিস্তা নদীতে এক তরুণীর গলা কাটা লাশ ভেসে যেতে দেখেছেন। নিখোঁজ তরুণীর পরিবারের অভিযোগ, লাশটি তাদের মেয়ের।
ওই নিখোঁজ তরুণীর নাম সাবিনা ইয়াসমিন (১৮)। তিনি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের বাসিন্দা। তাঁর মা আঞ্জুয়ারা চাতালে কাজ করেন। তিনি বলেন, সাবিনা হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজে পড়তেন। উপজেলার পূর্ব সাড়ডুবি গ্রামের অটোরিকশামালিক শাহাবুদ্দিন (২৮) তাঁকে বিয়ে করতে চান। এরপর গত ৩০ মে তাঁকে অপহরণ করেন শাহাবুদ্দিন। এ ঘটনায় ওই দিনই শাহাবুদ্দিনসহ তিনজনের নামে থানায় অপহরণ মামলা করেন তিনি। পরে রমজানের শুরুতে সাবিনাকে বিয়ে করেন শাহাবুদ্দিন। কিন্তু শাহাবুদ্দিনের পরিবারের লোকজন সাবিনাকে মেনে নেননি। সে কারণে তাঁর ওপর নির্যাতন করা হতো। রমজানের মাঝামাঝি সময়ে সাবিনা তাঁর (আঞ্জুয়ারা) কাছে চলে আসেন। ২৯ জুন সন্ধ্যায় সাবিনাকে নিতে তাঁদের বাড়িতে আসেন শাহাবুদ্দিন।
সাবিনার মা আঞ্জুয়ারা আরও বলেন, ২৯ জুন সাবিনাকে শাহাবুদ্দিন ঈদের কাপড় কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে বাজারের দিকে নিয়ে যান। কিন্তু পরদিন তাঁরা জানতে পারেন, শাহাবুদ্দিন বাড়ি ফিরলেও সাবিনা সেখানে নেই। ঘটনা জানাজানি হলে শাহাবুদ্দিন পালিয়ে যান। বিষয়টি তিনি স্থানীয় থানার পুলিশকে জানান। কিন্তু পুলিশ তাতে সাড়া দেননি বলে অভিযোগ করেন আঞ্জুয়ারা। তাঁর ধারণা, সাবিনাকে খুন করেছেন শাহাবুদ্দিন ও তাঁর লোকজন।
এদিকে সাবিনাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, ২ জুলাই বিকেলে ডাউয়াবাড়ি ইউনিয়নের ভোটমারীর চরের বাসিন্দারা এক তরুণীর গলা কাটা লাশ তিস্তা নদীতে ভেসে যেতে দেখেছেন। কিন্তু সেখানে গিয়ে তাঁরা লাশ পাননি। তবে গ্রামবাসী সেই লাশের ছবি তুলে রাখেন। ওই ছবির সঙ্গে সাবিনার মিল আছে বলে জানান তাঁর মা।
ভোটমারী এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২ জুলাই তাঁরা নদীতে গলা কাটা এক তরুণীর লাশ ভাসতে দেখেন। লাশের গলায় কাটা অংশ থেকে তখনো রক্ত ঝরছিল। বাসিন্দারা আরও বলেন, ১৩ জুলাই গড্ডিমারী থেকে এক নারী এসেছিলেন। তাঁর মেয়ের ছবির সঙ্গে লাশের চেহারা মিলে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রহমান, ব্যবসায়ী ওয়ারেস আলীসহ একাধিক ব্যক্তি বলেন, লাশের শরীরে নাকফুল ও কানের দুল ছিল। স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে বিষয়টি থানায় জানানো হলেও লাশ উদ্ধারে অপারগতা জানান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান।
ডাউয়াবাড়ি ইউপির চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম বলেন, ওসিকে জানানো হলেও তিনি লাশটি তোলার ব্যবস্থা নেননি। তবে আবদুল মতিন বদলি হয়ে চলে যাওয়ায় এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, শাহাবুদ্দিনের বাবা মকছেদ আলী (৫০) ও মা আপেলা বেগমকে (৪৮) গত বৃহস্পতিবার পুলিশ আটক করেছে। পরে তাঁদের গত ৩০ মে করা আঞ্জুয়ারার অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার লালমনিরহাট জেলা কারাগারে পাঠায় পুলিশ। শাহাবুদ্দিনের খোঁজ পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।