
পবিত্র রমজানের শুরু থেকেই ময়মনসিংহ শহরের সব বিপণিবিতানে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। আর গত সাত দিনে ক্রেতাদের ভিড়ও অনেক বেড়ে গেছে। পুরুষের তুলনায় নারী ও শিশুদের ভিড়ই বেশি। তরুণী ও শিশুরা এবার বেশি কিনছেন ‘কিরণমালা’ পোশাক।
শহরের গাঙ্গিনারপার ও স্টেশন রোডের বিভিন্ন বিপণিবিতানের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল কিরণমালার নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রীর পরা একটি পোশাকই কিরণমালা নামে বিক্রি হচ্ছে। এবারের ঈদে তরুণী ও শিশুদের পছন্দের শীর্ষে আছে এই কিরণমালা পোশাক। তবে কিরণমালা নামে বিভিন্ন দোকানে বিক্রি হওয়া সব পোশাক অভিনেত্রী কিরণমালার পরা পোশাকের ডিজাইনে নয়। এরপরও অনেক তরুণী ও শিশুরা শুধু কিরণমালা নামের কারণেই এসব পোশাক কিনে স্বস্তি পাচ্ছেন।
গাঙ্গিনারপার এলাকার একটি বিপণিবিতানের ব্যবস্থাপক জানান, অভিনেত্রী কিরণমালা যে রকম পোশাক পরে হুবহু সে পোশাকের দাম কমপক্ষে পাঁচ হাজার টাকা। কিন্তু ক্রেতাদের সবার সামর্থ্য সমান নয় বলে ব্যবসায়ীরা অনেকটাই কিরণমালার পোশাকের আদলে তৈরি করে নাম দিচ্ছেন কিরণমালা। সেটা কিনেই অনেক তরুণী ও শিশু স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন। ক্রেতাদের অনেকেই বিষয়টি স্বীকার করেন।
নামজা আক্তার নামের একজন নারী (৩৫) জানান, ঈদের কেনাকাটার শুরু হওয়ার আগেই থেকেই তাঁর আট বছর বয়সী মেয়ে ঈদে কিরণমালা পোশাক কেনার বায়না ধরে। দোকানে গিয়ে কিরণমালা পোশাক চাইলে দোকানি যেটা দেখান, তা আসলে কিরণমালার পোশাকের সঙ্গে হুবহু মেলে না। তবে যতটুকু মিলেছে তাতেই তাঁর মেয়ে খুশি।
কয়েকজন দোকানদার বলেন, গত ঈদে শিশুসহ সব বয়সী মেয়ের পছন্দের পোশাক ছিল ভারতীয় এক সিরিয়ালের পাখি নামের জনপ্রিয় এক অভিনেত্রীর পরা পোশাক—‘পাখি’। তবে এবার পাখির চেয়ে কিরণমালার পোশাকের চাহিদা বেশি। দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে কিরণমালা ও পাখি।
শহরের স্টেশন রোডের এক বিপণিবিতানে কথা হয় স্বল্প আয়ের কয়েকজন ক্রেতার সঙ্গে। তাঁরা জানান, তাঁদের পরিবারের তরুণী ও শিশুরা এবার কিরণমালা নামের প্রতি ঝুঁকেছেন। তাঁরা কিরণমালা পোশাক কিনছেন। তাঁরা শহরের স্টেশন রোডের একটি বিপণিবিতান থেকে ১১০০ টাকা থেকে আড়াই হাজার টাকায় কিরণমালা পোশাক কিনেছেন।
সম্প্রতি ময়মনসিংহের বিভিন্ন বিপণিবিতানে ঘুরে দেখা গেছে, মেয়েদের মতো সমানতালে না হলেও পুরুষেরাও কেনাকাটা করছেন। প্রায় সব বয়সের পুরুষের পছন্দ হচ্ছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। ৬৫০ টাকা থেকে সাত হাজার টাকা মূল্যের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন বিপণিবিতানে সব বয়সী মহিলা তাঁদের নিজেদের ও প্রিয়জনদের জন্য শাড়ি কিনছেন।
গত বৃহস্পতিবার রাতে গাঙ্গিনারপার এলাকায় কয়েকজন তরুণ বলেন, তাঁদের অনেকেই পোশাক কিনছেন। তবে এখনো অনেক তরুণ দোকান ঘুরে ঘুরে পোশাক পছন্দ করছেন। পাঞ্জাবি ছাড়াও টিশার্ট আর জিন্সই তাঁদের পছন্দ। প্রাপ্তবয়স্ক পুরুষেরা বলেন, ঈদে তাঁদের পছন্দ পাঞ্জাবি। এ ক্ষেত্রে সুতি ও খাদি দু ধরনের পাঞ্জাবি তাঁরা বেশি পছন্দ করেন।