তরুণীকে অপহরণের অভিযোগে একজন আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রাম থেকে বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৫) অপহরণের অভিযোগে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে আটক করেছে পুলিশ৷ গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়৷
সন্ধ্যায় তরুণীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন৷ অভিযোগে বলা হয়েছে, সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক জাহাঙ্গীর হোসেন (৩৫) শনিবার দুপুরে তাঁদের বাড়ির পাশের সড়ক থেকে তাঁর মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখেছেন৷ এ ব্যাপারে তাঁরা জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে বিষয়টি অস্বীকার করেন৷ পরে জানান, তিনি তাঁর মেয়েকে সোনারগাঁ উপজেলা সদরের পাশে একটি সেতুর কাছে নামিয়ে দেন৷
সোনারগাঁ থানার এসআই অজয় কুমার পাল জানান, তরুণীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তরুণীটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে৷