রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে এক তরুণীকে গত শুক্রবার রাতে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্রলীগের এক নেতাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম কৃষাণ কুমার দাস (২৪)। তিনি জেলা ছাত্রলীগের সদস্য। বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বিবেকানন্দপল্লিতে।
এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই তরুণী এবার এইচএসসি পাস করেছেন। এর আগে কলেজে যাওয়া-আসার পথে তাঁকে ছাত্রলীগের কর্মী নজরুল ইসলাম ওরফে রুবেল নানাভাবে উত্ত্যক্ত করতেন। সম্প্রতি তরুণীর বাড়ির লোকজন বিষয়টি নজরুলের অভিভাবকদের জানান। এর জেরে গত শুক্রবার রাত আটটার দিকে নজরুলের নেতৃত্বে আট-দশটি মোটরসাইকেলে একদল যুবক বাড়ি এসে তরুণীর নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তরুণীর মা এগিয়ে গেলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর যুবকের দল ঘরে ঢুকে কম্পিউটার ভাঙচুর ও কয়েকটি মুঠোফোন ছিনতাই করেন। তরুণীর এক বোনের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে ওই তরুণীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করেন। এ সময় বাড়ির সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তখন যুবকের দল পালিয়ে যায়। তবে লোকজন মোটরসাইকেলসহ কৃষাণ কুমারকে আটক করতে সক্ষম হন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় নজরুলকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
তরুণীর বাবা বলেন, ‘ঘরেও আমার মেয়ে নিরাপদ নয়। তাকে তুলে নিয়ে যাচ্ছিল। প্রতিবেশীরা ছুটে এসে রক্ষা করেছেন। কিন্তু এ ঘটনার পর থেকে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি।’
জানতে চাইলে কৃষাণ বলেন, ‘ওই এলাকায় আমাদের একটি সভা ছিল। পরে রুবেল ভাইয়ের কথামতো সেখানে (তরুণীর বাড়ি) যাই। কিন্তু মেয়েকে তুলে আনা হবে, এই বিষয়টি আমি জানতাম না।’
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কৃষাণ কুমারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।