তরুণীকে আগুনে পুড়িয়ে মারায় আটজনের যাবজ্জীবন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক তরুণীকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।
এই আট আসামি হলেন মো. সোবহান, মো. মোশাররফ, মো. সেলিম, নুর হোসেন, আবু তাহের, মো. জাফর, মো. রফিক ও আবদুল জব্বার।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০২ সালের ৬ জুলাই রাত ১০টার দিকে মিরসরাই উপজেলার ইসলামপুর এলাকায় একটি ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পর স্থানীয় লোকজন পরিবারের অন্য সদস্যদের বের করতে পারলেও মর্জিনা আক্তার ও তাঁর ভাই শাহজাহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা। এ ঘটনায় তাঁর মা নুরজাহান আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ৮ জুলাই পুলিশ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরা ওই ঘরে আগুন ধরিয়ে দেন। ২০০৩ সালের ৭ জুন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে তিনজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। বাকি পাঁচজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। দুজনকে বেকসুর খালাস দেন আদালত।