তরুণীকে ইউপি চেয়ারম্যানের হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক তরুণীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই তরুণী তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কুদরত-ই-খুদা কয়েক মাস আগে ওই তরুণীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা অজুহাতে কালক্ষেপণ করেন।৪ মার্চ ইউপি চেয়ারম্যান মুঠোফোনে ওই তরুণী ও তাঁর বাবাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে ৬০ হাজার টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই তরুণী ও তাঁর বাবাকে মারধর করেন। এ সময় তাঁদের কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প ও সাদা কাগজে সইও নেওয়া হয়।ওই তরুণী অভিযোগ করেন, ‘ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর ওই ইউপি চেয়ারম্যান সাত দিনের মধ্যে তাঁদের এলাকা ছাড়ার নির্দেশ দেন। অন্যথায় তাঁকে ও তাঁর বাবাকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।’ তিনি বলেন, ‘ওই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা হওয়ায় থানা-পুলিশও মামলা নেয়নি।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুক্তারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তবে আমার পক্ষে ওই ইউপি চেয়ারম্যানের বিচার করা সম্ভব নয়। এ জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব উল আলম বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দিয়েছেন।’তেঁতুলিয়া থানার ওসি মো. মাহবুব উল আলম দাবি করেন, এ ব্যাপারে কেউ থানায় মামলা করতে আসেননি। তিনি হুমকি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন।ইউপি চেয়ারম্যান মো. কুদরত-ই-খুদা মুঠোফোনে বলেন, ‘আমার সঙ্গে ওই তরুণীর কোনো অনৈতিক সম্পর্ক নেই। এ ছাড়া জোর করে স্ট্যাম্পে বা সাদা কাগজে সই নেওয়ার অভিযোগও সঠিক নয়। বরং ওই তরুণী ও তাঁর বাবা স্বেচ্ছায় লিখিত দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি প্রাণনাশের কোনো হুমকি দিইনি। টাকা দিয়ে আপসের চেষ্টা চালানোর অভিযোগও মিথ্যা।’