তরুণীকে উত্ত্যক্ত করায় বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আফরাতগাড়ী গ্রামের এক তরুণীকে (১৭) উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ছমির উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ভবানীপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।উত্ত্যক্তের শিকার সিরাজগঞ্জের চান্দাইকোনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওই তরুণী জানান, ভবানীপুর ইউনিয়নের দীর্ঘাই গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে ছমির তাঁকে এক বছরের ধরে কলেজ যাওয়া ও বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে আসছেন। ১১ ফেব্রুয়ারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে ছমির তাঁর হাত ও জামা টেনে ধরেন। তিনি এর প্রতিবাদ করলে ছমির তাঁকে মারার হুমকি দেন। বৃহস্পতিবার ওই তরুণী পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। ওই তরুণীর ছোট বোন জানায়, তাকেও স্কুলে যাওয়ার পথে ছমির খারাপ কথা বলেন।ওই তরুণীর মা জানান, ছমির মাঝেমধ্যে গভীর রাতে তাঁদের ঘরের দরজায় লাথি মারে। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল বলেন, ছমির দুষ্ট, উচ্ছৃঙ্খল ও বখাটে। ওই তরুণীকে উত্ত্যক্ত না করতে ছমিরকে ওয়ার্ড মেম্বারের মাধ্যমে শাসন করা হয়েছিল। তাতেও তাঁর বখাটেপনা বন্ধ হয়নি।