লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশন এলাকায় গত বুধবার রাতে বখাটেদের হাত থেকে এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে তিনজন পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলায় পাঁচজনের নামসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার করা ব্যক্তিরা হচ্ছেন পাটগ্রাম পৌরসভার রেলওয়ে কলোনি এলাকার খালেদ মোশারফ (৩২) ও তাঁর ভাই সফিয়ার রহমান (২৪) এবং লালমনিরহাট সদর উপজেলার বিডিআর গেট এলাকার রাশেদুল ইসলাম (২৯)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রেনে রংপুর থেকে পাটগ্রাম স্টেশনে এসে নামেন এক তরুণী। রাত একটার দিকে তরুণী অদূরের একটি রেস্তোরাঁয় খেয়ে স্টেশনে ফেরার সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তরুণী কোনো রকমে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে আশ্রয় নেন।খবর পেয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার এবং খালেদ মোশারফকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বখাটেরা পুলিশের ওপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াকুব আলীসহ আরেকজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ইয়াকুব আলীকে রাতেই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তরুণীকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লার ভ্রাম্যমাণ আদালত খালেদ মোশারফকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়েছে।