চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগর উপকূলে সাগরে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার সাগরপাড়ে এ ঘটনা ঘটে। তাঁর নাম নাকিব মোহাম্মদ খাব্বাব। তিনি পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পানিতে ডুবতে থাকা দুই তরুণীকে উদ্ধার করতে গিয়ে নাকিব নিজেই তলিয়ে যান বলে জানান সহপাঠীরা। অবশ্য দুই তরুণী উদ্ধার হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড কার্যালয়ের একটি উদ্ধারকারী দল বিকেল চারটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। নাকিবের বাড়ি কুমিল্লার বরুড়া থানায়। তাঁর বাবার নাম শফিকুল ইসলাম।
নাকিবের সহপাঠী রাকিব হাসান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চুয়েটের ১০ জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুরের সাগরপাড়ে বেড়াতে আসে। বেলা দেড়টার দিকে তাঁরা ফিরে যাচ্ছিলেন। এ সময় নাকিবসহ তিন শিক্ষার্থী ও একজন অভিভাবক ওই এলাকায় বেড়াতে এলে তাঁরা আবার সাগরপাড়ে ফিরে যান। তখন নাকিবসহ তিনজন শিক্ষার্থী পানিতে নামেন। তাঁদের পাশে তরুণীদের আরেকটি দলও পানিতে নামে। ওই দলের দুজন তরুণী কোমরপানি থেকে সামনে এগোতে গেলে স্রোতে ডুবে যেতে থাকেন। তখন নাকিবরা তিনজন তাঁদের উদ্ধার করতে যান। তীরে থাকা অন্য শিক্ষার্থীরা চিৎকার করলে পাশে থাকা জেলেদের একটি নৌকাও উদ্ধারে এগিয়ে আসে। একপর্যায়ে ডুবতে থাকা দুই তরুণীকে উদ্ধার করা গেলেও নাকিব তলিয়ে যান।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, চুয়েট ছাত্র নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সড়ক ও বেড়িবাঁধে ভিড় জমান। সাগর থেকে একটি নৌকা উপকূলে এলেই খবর জানতে সবাই ছুটে যাচ্ছেন সেদিকে।
খবর পেয়ে চুয়েটের ছাত্র কল্যাণ উপপরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক জি এ সাদিকুল ইসলামও সন্ধ্যা সাতটায় ঘটনাস্থলে আসেন। রাত নয়টার দিকেও তিনি সেখানে অবস্থান করছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড কার্যালয়ের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ গতকাল রাত নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটা পর্যন্ত ফায়ার সার্ভিসের দল উদ্ধার কার্যক্রম চলায়। এর মধ্যে তাঁর (নকিব) খোঁজ পাওয়া যায়নি। এখন নৌবাহিনীর আরেকটি উদ্ধারকারী দল আসছে। তাঁরা এলে যৌথভাবে আবার উদ্ধার কার্যক্রম চলানো হবে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তাঁরা ঘটনাস্থলে আছেন। নিখোঁজ ছাত্র এখনো উদ্ধার হয়নি।