তরুণীকে উদ্ধার করে সাগরে নিখোঁজ তরুণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সাগরপাড়ে এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল চারটার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নাকিব মোহাম্মদ খাব্বাব। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কুমিল্লা। তাঁর বাবার নাম শফিকুল ইসলাম।
নাকিবের সহপাঠী রাকিব হাসান তমাল প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুর সাগর উপকূলে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বেলা দেড়টার দিকে তাঁরা ফিরে যাচ্ছিলেন। এ সময় নাকিবসহ তিন শিক্ষার্থী ও একজন অভিভাবক ওই এলাকায় বেড়াতে এলে তাঁরা আবার সাগরপাড়ে ফিরে যান। তখন নাকিবসহ তিনজন শিক্ষার্থী পানিতে নামেন। তাঁদের পাশে তরুণীদের আরেকটি দলও পানিতে নামেন। সেই দলের দুজন তরুণী পানির স্রোতের ঘূর্ণিতে পড়ে ডুবে যেতে থাকলে এই তিন শিক্ষার্থী তাঁদের উদ্ধার করতে যান। এ সময় ওপরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করলে পাশে থাকা জেলেদের একটি নৌকা এগিয়ে আসে। একপর্যায়ে ডুবতে থাকা দুই তরুণীকে উদ্ধার করতে পারলেও নাকিব ডুবে যান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার দাশ শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, নাকিব ডুবে যাওয়ার পর বেলা তিনটায় ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা বিকেল চারটায় আসে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ঘটনা শুনে তাঁরা ঘটনাস্থলে আসেন। নিখোঁজ ছাত্র এখনো উদ্ধার হয়নি। ডুবুরি দল এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।