তরুণীকে উদ্ধারে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
চট্টগ্রামে সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগর উপকূলে এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে গতকাল মঙ্গলবার ডুবে যান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বার। আজ বুধবার ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর ডুবুরি দলের লেফটেন্যান্ট কমান্ডার আবু রাইয়ান আল বেরুনি। তিনি প্রথম আলোকে বলেন, আজ বুধবার বেলা দুইটার দিকে মুরাদপুর ইউনিয়নের ছোটকুমিরা খালের কিছুটা দক্ষিণে উপকূল থেকে তিন কিলোমিটার দূরে সাগরে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে সেটি উদ্ধার করে উপকূলে নেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিহত শিক্ষার্থীর সহপাঠী ও আত্মীয়স্বজনেরা লাশ শনাক্ত করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উপপরিচালক ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নাকিবের লাশ সীতাকুণ্ডের সাদেক মস্তান (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হবে।
আরও পড়ুন:
তরুণীকে উদ্ধার করে সাগরে নিখোঁজ তরুণ