তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া ব্যক্তির নাম মিলন সিকদার (৩৪)। তিনি রাজপুর উপজেলার বাসিন্দা। মিলনের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৮ আগস্ট দুপুরে রাজাপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন মিলন সিকদার। পরে ঘটনাটি জানাজানি হলে তরুণীর বাবা বাদী হয়ে ২০ আগস্ট মিলন সিকদারকে আসামি করে মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জামা দেয়। দীর্ঘ শুনানি ও সাতজনের সাক্ষ্য নেওয়া পর আদালত রায় দেন।