তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির এ রায় দেন।

সাজা পাওয়া যুবকের নাম খালেক মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার জামারিতলা গ্রামের বাসিন্দা। খালেক মিয়া রাজমিস্ত্রির কাজ করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল বলেন, ২০১২ সালের ১০ জুন জেলার ভাঙ্গা উপজেলায় এক তরুণীকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের দোতলায় নিয়ে ধর্ষণ করেন খালেক মিয়া। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই বছরের ২০ জুন সাতজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ ওই বছরের ১৯ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।