তরুণীকে ধর্ষণের পর হত্যা?
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা এলাকার একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কারলসুরিচালা এলাকার হযরত আলীর বাড়ির দক্ষিণ পাশে একটি বাঁশঝাড় আছে। গতকাল সকালে স্থানীয় লোকজন ওই বাঁশঝাড়ের নিচে এক তরুণীর লাশ দেখতে পেয়ে কালিয়াকৈর থানায় খবর পাঠায়। পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান বলেন, গত শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ওই তরুণীকে ধর্ষণ করার পর গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সুরতহাল প্রতিবেদন করার সময় তরুণীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর পরনে সবুজ ছাপার কামিজ ও লাল রঙের সালোয়ার ছিল।