তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় পারভীন আক্তার (১৮) নামের এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাত আটটার দিকে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পারভীনের লাশ উদ্ধার করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারভীন ওই এলাকার নুরনবীর মেয়ে। এ ঘটনায় পারভীনের বাবা বাদী হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অজিউল্লার ছেলে সুজনকে (২৫) আসামি করে থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন।
পারভীনের সৎমা ফাতেমা আক্তার অভিযোগ করেন, রোববার বেলা দুইটার দিকে তিনি বাসায় ফেরার পথে তাঁদের বাসা থেকে সুজনকে দ্রুত বেরিয়ে যেতে দেখেন। এ সময় তিনি তাঁকে পেছন থেকে ধাওয়া করেও ধরতে পারেননি। পরে বাসার ভেতর গিয়ে দেখেন, মেয়ে পারভীনের মুখ দিয়ে লালা পড়ছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাঁর অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. জায়েদ প্রথম আলোকে বলেন, ‘পারভীনের লাশ দেখে মনে হয়েছে, হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সাইফুদ্দীন আহম্মদ প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে পারভীনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। তাঁর বাবাও এজহারে একই ধরনের অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।