তরুণীকে ভারতে পাচারের অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করার অভিযোগে পুলিশ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হচ্ছেন মাছখোলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫) ও তাঁর মেয়ে খুশি ইসলাম (২৫)। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার এক ব্যক্তি জানান, খুশি ও তাঁর মা তাসলিমা গত ১ সেপ্টেম্বর তাঁদের বাড়িতে যান। তাঁরা ঢাকায় তৈরি পোশাক কারখানায় ভালো চাকরি দেওয়ার কথা বলে তাঁর মেয়েকে নিয়ে যান। ৪ সেপ্টেম্বর খুশি কৌশলে সদর উপজেলার কদমতলা সীমান্ত দিয়ে তাঁর মেয়েকে ভারতে নিয়ে যান। পরে তাঁকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মুহকমার বাদুড়িয়া থানার মাটিয়া পতিতাপল্লিতে বিক্রি করে দেন। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে শনিবার থানায় মামলা করেন। পুলিশ রোববার রাতে তাসলিমা ও খুশিকে গ্রেপ্তার করে।