ক্যাম্পাসে এক তরুণীকে লাঞ্ছিত এবং তাঁর সঙ্গীদের মারধর করার ঘটনায় পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চার ছাত্রকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠানো হবে। বহিষ্কৃত ছাত্ররা হলেন মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুল ইসলাম (কবি জসীমউদ্দীন হল), ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার শিক্ষার্থী আপেল মাহমুদ (হাজী মুহম্মদ মুহসীন হল), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শামস ই নুমান (জহুরুল হক হল), সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুরশেদুল ইসলাম (জহুরুল হক হল) এবং লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আকরামুল হক (মুহসীন হল)।এ ছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নূর শাহিন (সূর্য সেন হল), বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের ছাত্র সেকেরুজ্জামান (মুহসিন হল), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের ছাত্র তানভীর হাসান (মুহসীন হল) এবং ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. রাসেল খানকে (মুহসীন হল) কেন বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠানো হবে।