তরুণীকে হত্যার দায় স্বীকার
খাগড়াছড়ির দীঘিনালায় এক তরুণীকে হত্যার দায় স্বীকার করে গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এক যুবক।
গত মঙ্গলবার মো. শহীদুল ইসলাম (২৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায়।
পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি উপজেলার বাস টার্মিনাল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ফেরদৌসী আক্তার (২৬) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা আবদুল কাদের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে হত্যা-রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, তদন্তে দেখা যায়, শহীদুল ইসলাম নিহত তরুণীর মুঠোফোন ব্যবহার করছেন। পরে দীঘিনালা থানার পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে মেরুং বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
সিআইডির চট্টগ্রামের পরিদর্শক দোলন কুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে জবানবন্দি দিয়েছেন।