তরুণীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
বাগেরহাটের কচুয়া উপজেলায় তরুণীকে (১৮) শ্বাসরোধে হত্যার দায়ে গতকাল সোমবার আজাদ খান (৪০) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম ওই আদেশ দেন। এ সময় আদালতে আসামি আজাদ খান উপস্থিত ছিলেন। তিনি কচুয়ার খলিশাখালী গ্রামের বাসিন্দা।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি শরৎচন্দ্র মজুমদার বলেন, কচুয়ার গাবরখালী গ্রামের হোসেন আলীর মেয়ে আয়না খাতুনকে (১৮) বিয়ের প্রলোভন দিয়ে বিবাহিত আজাদ খান শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে আয়না অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের জন্য চাপ দিতে থাকলে আজাদ ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি আয়নাকে শ্বাসরোধে হত্যা করে লাশ চাড়াখালী গ্রামের বাবুল শেখের বাড়ির বাগানের ডোবায় ফেলে দেন। পরদিন বাবুল শেখ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিয়ারত হোসেন বাদী হয়ে মামলা করেন। এটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। আজাদকে পুলিশ গ্রেপ্তার করলে তিনি অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পুলিশ ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আজাদ খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।