তরুণীকে হত্যার পর গুম করতে গিয়ে পুলিশের হাতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক তরুণীকে হত্যার পর গুম করতে গিয়ে পুলিশের হাতে লাশসহ ধরা পড়েছেন মুরাদুর রহমান ওরফে মুরাদ (২৪) নামের এক যুবক। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কে একটি ভাড়া গাড়ি থেকে লাশসহ মুরাদকে আটক করা হয়। আটক মুরাদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণের আতাউর রহমানের ছেলে। পুলিশ গাড়িচালক বিকন সরকার (২৮) ও গাড়িটি আটক করেছে।কুলাউড়া থানা পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহর থেকে একটি ভাড়া গাড়িযোগে মুরাদ সুহানা বেগম (২০) নামের এক তরুণীকে নিয়ে শ্রীমঙ্গল টি-রিসোর্টের একটি কটেজে ওঠেন। সেখানে সুহানা অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মুরাদ। তখনই তিনি মেয়েটিকে হত্যা করেন। পরে তরুণীর গলায় ফাঁস লাগিয়ে রাখা হয়। এরপর যে গাড়িতে তিনি রিসোর্টে এসেছেন। সেই গাড়ির চালককে মুঠোফোনে ডেকে এনে মুরাদ সহযোগিতা চান। পরে সুহানার নিথর দেহ গাড়িতে তুলে গুম করার জন্য প্রথমে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের সরকারবাজার এলাকায় নিয়ে যান। কিন্তু নিরাপদ স্থান না পেয়ে লাশ নিয়ে রাজনগর হয়ে কুলাউড়ার দিকে চলে আসেন। কুলাউড়া এসে তাঁরা বড়লেখার দিকে যাওয়ার চেষ্টা করেন। রাস্তায় টহল পুলিশের তৎপরতা দেখে বড়লেখা অভিমুখে আর অগ্রসর না হয়ে কুলাউড়া-রবিরবাজার সড়কের দিকে দ্রুত ছুটতে থাকেন। রাত সাড়ে ১২টার দিকে সড়কের চৌধুরীবাজার এলাকায় সন্দেহজনক গতির কারণে টহল পুলিশ গাড়িটি থামায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে পালিয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ দেখতে পায়, গাড়িতে মুরাদের কাঁধে সুহানা হেলান দিয়ে আছেন। পুলিশের নির্দেশে মুরাদ আসন থেকে সরতেই তরুণী ঢলে পড়ে। পুলিশ তাৎক্ষণিক ওই তরুণীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সুহানাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, সুহানা বেগম তিন মাস ধরে শ্রীমঙ্গলের দরগা মহল এলাকার ফাতেমা মঞ্জিলে অবস্থান করে ডেসটিনি-২০০০ লিমিটেডের বিতরণকারী হিসেবে কাজ করছিলেন। তিনি বড়লেখা উপজেলার দুহালিয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে। এদিকে কুলাউড়া উপজেলার কৌলা এলাকা দিয়ে পালানোর সময় সন্দেহ হলে চালক বিকন সরকারকে এলাকাবাসী আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। চালকের বাড়ি শ্রীমঙ্গলের মতিগঞ্জ এলাকায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম নেওয়াজ গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে মুরাদ গলা টিপে হত্যা করেছেন। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন আছে। পরে লাশ গুম করার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ওসি জানান, ময়নাতদন্ত শেষে তরুণীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার করা দুই আসামি থানা হাজতে আছেন। রোববার (আজ) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।