মেয়েদের টোপ হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের কথা আদালতে স্বীকার করেছেন এক চক্রের কথিত হোতা।গত বৃহস্পতিবার বিকেলে বিচারিক হাকিম শরিফুল ইসলামের আদালতে চক্রের মূল হোতা হিসেবে সন্দেহভাজন মনিরুজ্জামান রঞ্জু ওরফে গাল পোড়া রঞ্জু জানান, গত দুই মাসে ১৫ জন ব্যবসায়ীর কাছ থেকে তাঁরা প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।রঞ্জু বলেছেন, তাঁদের দলের তরুণীরা কৌশলে ব্যবসায়ীদের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে ওই মেয়েরা ব্যবসায়ীদের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিনয় করেন। এই ফাঁকে প্রতারক চক্রের অন্য সদস্যরা তাঁদের ছবি তোলেন। পরে এই ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রতারকেরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকাপয়সা, মুঠোফোনসহ সবকিছু রেখে দেন। ব্যবসায়ীদের কাছে আরও বড় অঙ্কের টাকাও দাবি করা হয়। অন্যথায় ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মানসম্মানের ভয়ে ব্যবসায়ীরা টাকা দিয়ে দেন।রঞ্জু জানান, তাঁদের দলে ১৩ জন সদস্য রয়েছেন। এঁদের মধ্যে সাতজনই নারী। তাঁরা প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করেন। এ জন্য সন্ত্রাসীদের ব্যবহার করেন তাঁরা।পুলিশ ঢাকার মতিঝিল এলাকা থেকে গত মঙ্গলবার রাতে রঞ্জুকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে সহযোগী মমিন ও স্বর্ণাকে গ্রেপ্তার করা হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রঞ্জু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি বলেন, প্রতারণার শিকার তিন ব্যবসায়ী মামলা করেছেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।