
একসময় ঈদবাজারে তরুণীদের পোশাকের বড় অংশই ছিল ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা। ধীরে ধীরে সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। শহুরে তরুণীরাও এখন দেশি পোশাকের দিকে ঝুঁকছেন।
ঈদের বাজারে গত দুদিন বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে এমন চিত্রই মিলেছে। এখন বাজারে তরুণীদের পোশাকের কেনাকাটাই বেশি হচ্ছে। গতবারের চেয়ে এবার দামও তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
বিক্রেতারা জানান, ঈদের বাজারে ভারত ও পাকিস্তানের পোশাক আগে বেশি চলত। এটি দেখে ঢাকাকেন্দ্রিক বেশ কিছু কারখানায় এখন একই রকমের ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। দামও তুলনামূলক কম। আবার এবার ভারত থেকে আমদানি করা পোশাকের অনেক চালান দেশে পৌঁছতে ১০ রোজা পেরিয়ে যায়। ফলে দেশীয় কারখানার পোশাকের ওপর চাপ পড়েছে। বিক্রিও বেড়েছে।
বিক্রেতারা জানান, এবার মেয়েদের পোশাকের সুতির কাজের পোশাকই বেশি চলছে। হালকা কাজের পোশাকেই তরুণীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবার। গাউন ও লাসা ধরনের পোশাক পছন্দের তালিকায় স্থান পাচ্ছে।
গত বুধবার ও বৃহস্পতিবার টেরিবাজার, সানমার ও আফমি প্লাজা ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে নানা ব্রান্ডের নামে তরুণীদের পোশাক বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, এবার ভারতীয় পোশাকের মধ্যে এলটি, কঙ্গা, বিপুল এসব নামের পোশাক বিক্রি হচ্ছে বেশি। ভারতীয় পোশাকের পাশাপাশি তরুণীদের পছন্দের তালিকায় আছে পাকিস্তানের সানা সাফিনাজ, গুল আহমেদ, সুফিয়া নাজির নামের পোশাক। এর বাইরে হরেক রকম দেশীয় পোশাক ঠাঁই পেয়েছে।
গত বৃহস্পতিবার নগরের বিপণিকেন্দ্র সানমারে পোশাক বাছাই করছিলেন হালিশহর থেকে আসা ক্রেতা নাসরিন জাহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর তো দেশীয় পোশাকই পড়ি। ঈদে ভারত থেকে আমদানি করা পোশাকই সংগ্রহ করতাম। তবে এবার দেশীয় পোশাকে বৈচিত্র্য এসেছে। এ কারণে এবার দেশীয় পোশাকই কেনার জন্য মনস্থির করেছি।’
সানমারে দেখা যায়, হরেক রকম ডিজাইনের দেশীয় পোশাক বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকায়। ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে। সানমারের জারা ফ্যাশনের ব্যবস্থাপনা অংশীদার আবেদুর রহমান প্রথম আলোকে বলেন, গাউন ও লাসা ধরনের পোশাকের চাহিদা বেশি তরুণীদের কাছে। ভারতীয় পোশাকের পাশাপাশি দেশীয় নজরকাড়া ডিজাইনের পোশাক এবার বেশি চলছে।
টেরিবাজারে গিয়ে দেখা যায়, পরশমণি দোকানে পোশাক বাছাই করছিলেন সাবরিনা ইয়াসমিন নামের এক তরুণী। প্রথম আলোকে তিনি জানান, বাজারে দেশীয় পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাক চলছে। গতবারের চেয়ে এবার পোশাকে বৈচিত্র্য অনেক বেশি। তবে বাছাই করে পছন্দের পোশাক কিনবেন বলে জানান তিনি।
টেরিবাজারের বিক্রেতারা জানান, ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে তিন থেকে সাত হাজার টাকার মধ্যে। পাকিস্তানের পোশাক মিলছে এক থেকে ১৩ হাজার টাকায়। তবে দেশীয় পোশাকের মধ্যে দুই থেকে আড়াই হাজার টাকার পোশাক বেশি বিক্রি হচ্ছে।
মেয়েদের পোশাকের বেচাকেনা পুরোদমে চললেও গতবারের চেয়ে এবার বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দফায় বিপণিকেন্দ্রগুলোতে বেচাকেনা ভাটা পড়েছিল। পানিবন্দী থাকার কারণে নগরের অধিকাংশ এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারেনি। এরপরও আশা ছাড়েননি ব্যবসায়ীরা।