তরুণীদের পছন্দ বডিগার্ড দাবাং আওয়ারা থ্রিপিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে ঈদের বাজার জমতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ বাজার ঘুরে পছন্দসই পোশাক কিনে নিচ্ছে।তবে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে ভারতের হিন্দি ও বাংলা ছবি বডিগার্ড, দাবাং ও আওয়ারা এবং নায়িকার নামে তৈরি থ্রিপিস।গত সোমবার রাতে শহরের ইডেন গার্ডেন সিটির ‘মনে রেখ’ কাপড়ের দোকানে গিয়ে দেখা গেছে তরুণীদের ভিড়। কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী সায়মা আকতার বলেন, ‘২৪২০ টাকা দিয়ে আওয়ারা থ্রিপিসটি কিনলাম। কারণ ওই সিনেমার নায়িকা আমার খুব প্রিয়।’ গৃহবধূ তসলিমা আকতার (৪৫) বলেন, স্কুলপড়ুয়া এক মেয়ের জন্য তিনি ১৫৫০ টাকা দিয়ে কিনেছেন একটি দাবাং থ্রিপিস। দোকানের মালিক উৎসব চৌধুরী বলেন, নারীদের জন্য আধুনিক ডিজাইনের সব পোশাক এখানে মজুদ রাখা হয়েছে। এখানে বডিগার্ড থ্রিপিস বিক্রি হচ্ছে ১২০০ থেকে ৩২৫০ টাকায়, দাবাং ১৫৫০ থেকে ৬২০০ টাকায়, ঝিলিক থ্রিপিস ১৫৫০ থেকে ২৫৫০ টাকায়, আওয়ারা ২৫০০ থেকে ৩০০০ টাকায়, কেটরিনা ৩০০০ থেকে ৩২৫০ টাকায়, মাসাককলি ৩৫০০ থেকে ৬২৫০ টাকায়। পাশাপাশি শাড়ির দোকান পুষ্পিতা, পিভিসার, মুক্তা ফেব্রিকস, আস্তাসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে একই নামে (ভারতীয় সিনেমা ও নায়িকার নামে) আকর্ষণীয় শাড়ি। দাম ৮০০ থেকে ২৫০০০ টাকা।পুরুষদের আধুনিক মানের পোশাক ও প্যান্ট বিক্রির প্রতিষ্ঠান স্কাই ডিপার্টমেন্টাল স্টোরে তরুণ ও শিশুদের দীর্ঘ সারি।দোকানের মালিক মানিক দে বলেন, ভারত, চীন ও থাইল্যান্ড থেকে আনা জিন্সের প্যান্ট বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ২৫০০ টাকায়, গ্যাবাইডিং ৭০০ থেকে ২০০০ টাকায়, টি-শার্ট ৬০০ থেকে ২২০০ টাকায়, শার্ট ৭০০ থেকে ২৩০০ টাকায়, বাচ্চাদের শার্ট ৫০০ থেকে ১২০০ টাকায়, পাঞ্জাবি ৮০০ থেকে ৬০০০ টাকায়।শাড়ির দোকান রাঙাবউয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ মাহমুদ বলেন, ভারতের জনপ্রিয় হিন্দি ছবি অথবা নায়িকার নামে যেসব কাপড়-চোপড়, তার দিকেই মেয়েদের নজর বেশি। তবে দাম বেশি বলে অনেকের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।