তরুণীর আত্মহত্যা, প্রেমিকের পলায়ন
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গতকাল রোববার রুহেনা বেগম (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর প্রেমিক সুরুজ্জামান পালিয়ে যাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রুহেনার পারিবারিক সূত্র জানায়, বিয়ে করার কথা বলে প্রতিবেশী সুরুজ্জামান (২২) রুহেনার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। রুহেনা গত শুক্রবার রাতে সুরজ্জামানের ঘরে গিয়ে তাকে বিয়ে করার কথা বলে। পরে রুহেনার পরিবারের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রোকেয়া বেগমকে নিয়ে সুরুজ্জামানের পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করেন। এরপর রাতে রুহেনাকে বুঝিয়ে নিজের ঘরে এনে বিয়ের ব্যাপারে দুই পরিবারের লোকজন বসে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। কিন্তু পরদিন শনিবার রাতে সুরুজ্জামান বাড়ি থেকে পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে গতকাল সকালে রুহেনা তাদের গোয়ালঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।রুহেনার বড় ভাই আবদুল আজিজ জানান, তাঁরা প্রথমে সুরুজ্জামানের সঙ্গে তাঁর বোনের শারীরিক সম্পর্কের কথা জানতেন না। জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সুরুজ্জামান পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাঁর বোন আত্মহত্যা করে। সুরুজ্জামানের মা আজমিলা বেগম জানান, তাঁর ছেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে।