তরুণীর উদারতায় প্রাণে বাঁচল মেছো বিড়ালছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেছো বিড়ালের তিন ছানা বন থেকে লোকালয়ে বের হয়ে ধরা পড়ে। গ্রামের লোকজন খাঁচাবন্দী করে ধানখেতে নিয়ে পিটিয়ে মারছিলেন। মানুষের এমন নির্দয় আচরণ দেখে খাঁচাসুদ্ধ একটি মেছো বিড়ালকে উদ্ধার করেন সিলেট মদনমোহন কলেজের ছাত্রী জুয়েনা আক্তার।গত সোমবার সন্ধ্যায় তিনি বিড়ালটি প্রথম আলোর সিলেট কার্যালয়ে নিয়ে আসেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। বন বিভাগের হেফাজতে পরের দিন মঙ্গলবার সকালে সিলেটের সংরক্ষিত বনাঞ্চল খাদিমনগর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় প্রাণীটিকে। শহরতলির কুমারগাঁওয়ের বাসিন্দা জুয়েনা আক্তার মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি সিলেটের লামাকাজী খালেরপার এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকে চাকরি করেন। সোমবার বিকেলে ক্লিনিক থেকে ফেরার পথে খালেরপারের ধানখেতে কিছু লোকের হইচই শুনে এগিয়ে যান। কাছে গিয়ে মেছো বিড়াল হত্যার আয়োজন দেখে শিউরে ওঠেন। ততক্ষণে তিনটির মধ্যে দুটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে।বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রাণী হত্যার বিষয়টি স্থানীয় লোকজনের জানালে তাঁরা খাঁচায় থাকা বিড়ালটি জুয়েনার হাতে তুলে দেন এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। প্রাণীটিকে প্রথম আলোর সিলেট কার্যালয়ে নিয়ে আসার কারণ সম্পর্কে জুয়েনা বলেন, ‘প্রথম আলোতে প্রায়ই বিভিন্ন বন্য প্রাণী ও পাখি নিয়ে লেখা ও প্রতিবেদন পড়ি। এ ছাড়া বন বিভাগের কারও সঙ্গে আমার কোনো জানাশোনা নেই। এ জন্য সোজা এখানে নিয়ে আসলাম।’ বন বিভাগের ডেপুটি রেঞ্জার জানান, প্রাণীটির বয়স আনুমানিক ছয় মাস। মেছো প্রজাতির হলেও বন বিড়াল বলে ডাকা হয় এটিকে। বনেই তারা নিরাপদে থাকে। উদ্ধার করা মেছো ছানার একটি পায়ে কিছু জখম ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মঙ্গলবার সকালে সুস্থ অবস্থায় খাদিমনগর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।