তরুণীর গলাকাটা ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত তরুণীর (২১) গলাকাটা ও নাছিমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় থেকে নিহত তরুণী ও দুপুর সাড়ে ১২টায় জামালপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নাছিমার স্বামীর বাড়ি বারইয়ারহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামালপুরে। স্বামীর নাম এমরান হোসেন ওরফে গুড়া মিয়া। তাঁর বাবার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামে। বাবার নাম মৃত আমান উল্লাহ।
জোরারগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় (জোরারগঞ্জ ইউনিয়ন) চেয়ারম্যান সড়কের পাশে এক তরুণীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসআই জানান, ওই তরুণীর পরনে সবুজ রঙের সেলোয়ার-কামিজ ছিল। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে। অপর দিকে বারইয়ারহাট পৌরসভার জামালপুরের হেদায়েত উল্লার বাড়ি থেকে নাছিমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে হত্যা করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ, নাছিমা ঘরের যে আড়ার সঙ্গে ফাঁস লাগিয়েছে বলে বলা হচ্ছে, সেটার উচ্চতা আর তাঁর উচ্চতা প্রায় সমান।
এসআই আলমগীর বলেন, পুলিশ যাওয়ার আগেই নাছিমার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলা হয়েছে। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর স্বামী এমরান পলাতক রয়েছেন। নাছিমার ভাই সাহাব উদ্দিন জানান, তাঁর এক আত্মীয়ের কাছে মুঠোফোনে বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি থানায় আসেন। তবে মৃত্যুর কারণ তিনি জানেন না। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। উভয় ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।