তরুণীর জন্য ফ্ল্যাট ভাড়া আরাফাত সানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন মামলার বাদীর সঙ্গে আপসের শর্তে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিনের মেয়াদ ৬ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, আরাফাত সানির বিরুদ্ধে মামলাকারী তরুণী আদালতের কাছে অভিযোগ করেন যে তিনি সানির বাড়িতে গেলে তাঁর (সানি) মা তাঁকে মারধর করেছেন। এ সময় সানির আইনজীবীরা আদালতকে বলেন, ওই তরুণীর জন্য ফ্ল্যাট ভাড়া করে দেওয়া হয়েছে।

পরে আদালত তরুণীর সঙ্গে আপস করার শর্তে জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। আপস না হলে সানির জামিন বাতিল করা হবে বলেও আদালত জানিয়ে দেন। জামিনের শুনানির সময় আরাফাত সানি আদালতে হাজির ছিলেন।

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণী। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তরুণী নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করে ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে যৌতুক নিরোধ আইনে গত ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় ঢাকার আদালত থেকে গত ৯ মার্চ জামিন পান আরাফাত সানি, ১০ এপ্রিল পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর হয়। এরপর আরও এক দফা জামিনের মেয়াদ বাড়ান আদালত।