তরুণীর জীবন থেকে হারিয়ে গেল ছয়টি বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারকের খপ্পরে পড়ে পাচারের শিকার বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের পলি আক্তারের (ছদ্মনাম) ছয়টি বছর জীবন থেকে হারিয়ে গেছে। পলিকে (২০) এ ছয় বছর কাটাতে হয়েছে ভারতের যৌনপল্লীসহ ভারত ও বাংলাদেশের কারাগারে। ছয় বছর পর বাড়ি ফিরতে পেরে পলি আনন্দিত হলেও ভবিষ্যৎ নিয়ে আছেন উত্কণ্ঠায়।রাজশাহীর বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) মাধ্যমে রাজশাহী কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ এপ্রিল পলি নিজ বাড়িতে ফিরে আসেন।পলি জানান, ২০০৪ সালের ৯ এপ্রিল প্রতিবেশী শামসুন্নাহার বেগম (৩৭) বেড়াতে যাওয়ার কথা বলে তাঁকে ফুসলিয়ে ভারতে নিয়ে যান। তখন তিনি সপ্তম শ্রেণীর ছাত্রী। প্রথমে তাঁকে দিল্লি ও পরে মুম্বাইয়ের পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। মুম্বাইয়ের পতিতালয় থেকে পালিয়ে বাংলাদেশে ফেরার পথে ২০০৭ সালের ২৯ আগস্ট পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার জগজীবনপুরে গ্রামবাসীর হাতে আটক হন। গ্রামবাসী তাঁকে হাবিবপুর থানায় সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মালদার একটি আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে আড়াই বছর জেল খাটতে হয়। গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও ২৯ জনের সঙ্গে তাঁকেও বাংলাদেশে পুশব্যাক করে। বাংলাদেশের পুলিশ তাঁকে আটক করে রাজশাহী কারাগারে পাঠায়। এসিডির মাধ্যমে ১ মার্চ কারামুক্ত হন পলি।গত ১৩ এপ্রিল পলি বাগেরহাটের শরণখোলা থানায় শামসুন্নাহার, তাঁর স্বামী দেলোয়ার হাওলাদার (৪০), বাবা লাল মিঞা মুন্সী (৬০) ও ভাই তাজাকের খলিফাকে (৩০) আসামি করে মামলা করেছেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।