তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চারজনের সাময়িক ছাত্রত্ব বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের চার নেতা-কর্মীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, কলেজের শৃঙ্খলা কমিটি ওই চারজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগটি আমলে নিয়ে আরও তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।একাডেমিক কাউন্সিলের সদস্য ইমরান বিন ইউনুছ জানান, একাডেমিক সদস্য ও বিভাগীয় প্রধানেরা বসে আলোচনার পর ওই চারজনের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেন। শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।এর আগে চারজনের ছাত্রত্ব বাতিলের দাবিতে গতকাল সকাল থেকে সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল করেন। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন। সাধারণ ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাছিফসহ অন্যরা বক্তব্য দেন। একাডেমিক কাউন্সিলের সভা শেষ না হওয়া পর্যন্ত কার্যালয় ঘিরে রাখেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ মাঠের পাশে নির্জন পাহাড়ে নিয়ে ছাত্রলীগের চার নেতা-কর্মী অজ্ঞাত এক তরুণীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠেছে।সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল করা ওই চারজন হলেন কলেজ শাখা ছাত্রলীগের সহসম্পাদক আসিবুল ইসলাম ও কাজী ফয়সাল এবং কর্মী রাব্বি ও সোহাগ।