তরুণীরা কিনছেন 'বাহুবলী ২', তরুণেরা 'কাটাপ্পা'

রাত ১২টা ছুঁই ছুঁই। মধ্যরাতে ঈদের কেনাকাটায় সরগরম শহরের বিপণিকেন্দ্রগুলো। অভিজাত একটি শপিং সেন্টারের দোকানে দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। সব কটি দোকানে চলছে একদরে কেনাবেচা। একটি দোকানে চার থেকে পাঁচজন ক্রেতা ব্যস্ত পোশাক দেখতে। বয়সে তরুণদের সামনে বিক্রয়কর্মী পোশাক মেলে ধরে বললেন, এই লন ‘কাটাপ্পা পাঞ্জাবি’। মেয়েদের জন্য আছে ‘বাহুবলী-২’ পোশাকও।
গতকাল রোববার বগুড়া শহরের অভিজাত শপিং সেন্টার রানার প্লাজার মধ্যরাতের চিত্র এটি। আলো ঝলমলে এ শপিং সেন্টারের প্রথম থেকে চারতলা পর্যন্ত সব দোকানেই বেচাকেনা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার ভিড় ততই বাড়ছে।
ঈদবাজার উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে শহরের নতুন অভিজাত এই শপিং সেন্টারসহ জলেশ্বরীতলার নামীদামি ফ্যাশন হাউসগুলোও। ফুটপাত থেকে অভিজাত বিপণিকেন্দ্র। ব্যবসায়ীরা জানান, ১০ রোজার পর থেকেই ঈদবাজার উপলক্ষে সরগরম মার্কেট বিপণিকেন্দ্র। সকাল থেকে সাহ্রি রাত পর্যন্ত ক্রেতাদের ঢল নামছে। এবার বেচাবিক্রিও অন্যবারের চেয়ে ভালো।
এই বিপণিবিতানের আড়ংয়ের আউটলেট সুপারভাইজার তৌহিদ হোসেন বলেন, পরিবারের সব বয়সীদের পছন্দের পোশাক রয়েছে এখানে। ঈদে তরুণীদের বেশি পছন্দ জিনস প্যান্টের সঙ্গে মানানসই পোশাক ‘তাগা’। এ ছাড়া মসলিন, হাফ সিল্ক, জামদানি, মিরপুর কাতান শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।
রানার প্লাজার ওয়েস্টার্ন, ডেলিকেট, নকশি ফ্যাশন, ফ্যাশন ফেয়ার ল্যান্ড, ড্রেস স্পট, নারী ফ্যাশন, গুড উইল, অপ্সরী ফ্যাশন, মিট মি, মাত্রা, সবুজ কানন, ট্রেন্ডি ফ্যাশন, ক্যাটকিন, আরশি ফ্যাশন, গোল্ডেন আই, নববী, মহুয়া ফ্যাশন, ক্যাটস আই, প্রিন্স গ্যালারি, প্যান্টহাউসসহ বিভিন্ন দোকানে জমে উঠেছে ঈদবাজার।
এই বিপণিবিতানের তৃতীয় তলার রনি ক্লথ স্টোরের বিক্রয় ব্যবস্থাপক সোহাগ জানালেন, জর্জেট, অরগেন্ডি, মন্টিসের ফ্লোর টাচ থ্রিপিস, ভারতীয়-পাকিস্তানি জর্জেট, সিল্ক, সুতির হাতের কাজ করা লং গাউন, লং কুর্তা, আনস্ট্রিজ, গাউন থ্রিপিসের মধ্যে ঈদে সেরা আকর্ষণ মেয়েদের পোশাক ‘বাহুবলী-২’। এর দাম সাড়ে ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্য।
জলেশ্বরীতলার শহীদ আবদুল জোব্বার সড়ক, রোমানা আফাজ সড়ক, পৌরসভা লেন, কালীবাড়ি মোড়, নূর মসজিদ লেনের ফ্যাশন হাউস, শপিং মল, বিপণিবিতান ও পোশাক বিপণিতেও জমে উঠেছে ঈদবাজার। সব দোকানেই পোশাক বিক্রি হচ্ছে একদামে।
জলেশ্বরীতলার রোমেনা আফাজ সড়কের কাশবন, ফড়িং, মাতৃছায়া, ইজি, ইনফিনিটি এক্সপ্রেস, লুবনান, রংগন, আর্টিস্ট, স্টাইল টেন্ড, ক্যাকটাস, ঠিকানা, সুকন্যা, চৌকাঠ, শ্রোতীধারা, পালকি, দর্জিবাড়ি, শৈশব, সুতি সম্ভার, মার্চেন্ট, জেন্টেল পার্ক, শৈশব, মিরর, হান্ডিবাজারসহ অধিকাংশ দোকানে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের।
আর্টিস্টে তরুণ বয়সীদের ভিড় ছিল ‘কাটাপ্পা’ পাঞ্জাবি কিনতে। এখানকার এক বিক্রয়কর্মী বলেন, ভারতীয় সিনেমা বাহুবলীর আলোচিত চরিত্র কাটাপ্পার পোশাকের আদলে তৈরি এই পাঞ্জাবির ক্রেতা তরুণ বয়সীরা। দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৫০০।