তরুণীরা মজেছে কিরণমালায়
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করছে মানুষ। কেউ যাচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। কেউ কেউ দলবেঁধে বন্ধুদের সঙ্গে যাচ্ছেন। এবার তরুণীদের পছন্দের তালিকায় আছে কিরণমালা, জলপরি, পাখি নামের থ্রিপিস। আর তরুণেরা শর্ট পাঞ্জাবি ও শার্ট বেশি কিনছেন।
বিপণিবিতানের চেয়ে রাস্তার পাশের ফুটপাতের দোকানগুলোতে অনেক কম দামে থ্রিপিস, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পইটতলা ইয়াসমিন বেগম (৩৫) জামে মসজিদ সড়কের ফুটপাতে বসা ইসলাম মিয়ার কাছ থেকে সাড়ে পাঁচ শ টাকায় কিনেছেন কিরণমালা থ্রিপিস। একই নামের থ্রিপিস অভিজাত বিপণিবিতান থেকে ছয় হাজার টাকায় কিনেছেন এক তরুণী।
ভৈরব উপজেলা শহর হলেও বন্দর ও বাণিজ্যকেন্দ্র হওয়ায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর অধিকাংশ উপজেলার মানুষ ভৈরব থেকে কেনাকাটা করেন। এ কারণে ভৈরবের বিভিন্ন এলাকার বিপণিবিতানগুলোতে রমজানের শুরু থেকেই ভালো বেচাকেনা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ভৈরব শহরের নিউমার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেটসহ বেশ কয়েকটি বিপণিবিতান ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রেতারা জানান, মাঝে কয়েক দিন কিছুটা মন্দা থাকলেও গত এক সপ্তাহে বিক্রি অনেক বেড়েছে। এবার ছেলেদের শর্ট পাঞ্জাবির কাটতি বেশি। এসব পাঞ্জাবি এক হাজার থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে। তরুণী ও কিশোরীরা কিরণমালা, পাখি, জলপরি নামের থ্রিপিস বেশি কিনছে।
নারীরা গুজরাটি কাতান, রেশমি জামদানি, ইন্ডিয়ান বেনারসি কাতান বেশি পছন্দ করছেন। দেশীয় কাপড়ের মধ্যে টাঙ্গাইল আমপাতা শাড়ি বাজার দখল করেছে।
ভৈরব পৌর শহর চণ্ডীবের মহল্লার ক্রেতা তহুরা নাজনীন বলেন, ‘দাম আগের বছরের মতোই। নতুন কিছু ডিজাইনের কাপড় এসেছে। মফস্বল শহর হলেও পছন্দমতো কাপড় কিনতে আমার কেনো অসুবিধা হয়নি।’