তরুণের অস্বাভাবিক মৃত্যু
কাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হরিচাঁদ হাজরা প্রথম আলোকে বলেন, মারিয়া ইন্টারন্যাশনাল নামের দোকানটিতে শুক্রবার রাতে একাই ঘুমিয়েছিলেন ইমরান। গতকাল সকালে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সিদ্দিক নামে দোকানের আরেক কর্মচারী সাটারের ফাঁক দিয়ে ইমরানকে দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। এক সপ্তাহ আগে ইমরান কাঁটাবন মার্কেটের ওই দোকানে কাজ শুরু করেন বলে দোকান মালিক শাহীন শিকদার পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।