তরুণের গলাকাটা ও নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামে গতকাল বুধবার এক গৃহবধূর (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন লক্ষ্মীপুরে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, নিয়ামতপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী সৈয়দা সুমি বেগম গত মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘুমাতে যান। গতকাল সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা সুমির ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত প্রথম আলোকে জানান, স্বামীর সঙ্গে রাগ করে ওই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এর পরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের দাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডগি নির্জন এলাকার একটি মৎস্য খামার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির হাত-পায়ের রগ ও গলা কাটা এবং শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজামেঞ্চল হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।