তরুণের ঝুলন্ত লাশ
গাজীপুরে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকার বাবু হোসেন (২৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল।
স্ত্রী জোছনা বেগমের অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে রেফ্রিজারেটর এনে দিতে অস্বীকার করায় বাবুর বড় বোন ময়না, বোনের স্বামী জাহাঙ্গীর ও তাঁর মায়ের অত্যাচারে তাঁর স্বামী মৃত্যুর পথ বেছে নিয়েছেন। তাঁরা যৌতুকের জন্য তাঁকেও (স্ত্রীকে) মারধর করেছেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম গাজীপুরার বাবুর নিজ বাড়ির বসতঘরের ফ্যানের সঙ্গে গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় ওড়নায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।
জোছনা জানান, বাবু কাজে যাওয়ার উদ্দেশে ভোরে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ঘরে যান। প্রায় এক ঘণ্টা পার হলেও ঘর থেকে বের না হওয়ায় তিনি রান্নাঘর থেকে খোঁজ নিতে যান। ঘরের ভেতর তাকিয়ে দেখেন ফ্যানের সঙ্গে লাশ ঝুলে আছে।